
মালদায় একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। রাজ্যে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ইস্যুকে কেন্দ্র করে তিনি অভিযোগ করেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেসের যৌথ ব্যর্থতার ফলেই সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নূর মালদার সভামঞ্চ থেকে বলেন, SIR-এর নামে রাজ্যের সাধারণ মানুষের উপর প্রশাসনিক চাপ ও হয়রানি বাড়ছে। তাঁর দাবি, এই প্রক্রিয়ার দায় শুধু কেন্দ্র বা নির্বাচন কমিশনের নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও সমানভাবে দায়ী। বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক বোঝাপড়ার ফলেই মানুষের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মৌসম বেনজির নূর স্পষ্ট ভাষায় বলেন, SIR নিয়ে মুখ্যমন্ত্রীকে রাজ্যবাসীর কাছে জবাব দিতে হবে। অন্যথায় কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি জানান, সাধারণ মানুষকে বিদেশি বা রোহিঙ্গা তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাঁর কথায়, “আমরা বাংলাদেশি নই, রোহিঙ্গাও নই। আমাদের সঙ্গে এভাবে আচরণ করা যাবে না।”
এই কর্মসূচির অংশ হিসেবে মালদহ শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ ও জেলা শাসকের দফতর ঘেরাও কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ ও জেলা সভাপতি ঈশা খান চৌধুরী সহ জেলা নেতৃত্ব।
অন্যদিকে, মৌসমের এই আক্রমণের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূলের এক নেতা বলেন, মুখ্যমন্ত্রীর দয়াতেই মৌসম একাধিকবার জনপ্রতিনিধি হয়েছেন। এখন দল বদল করে তিনি রাজনৈতিক সুবিধার জন্য এমন মন্তব্য করছেন বলে তৃণমূলের অভিযোগ।
