
শুক্রবার দুপুরে কোচবিহারের শীতলকুচি লালবাজার এলাকার দেবনাথ পাড়ায় ভয়াবহ দুর্ঘটনা। পণ্যবোঝাই একটি ডাম্পার ব্রিজে উঠতেই বিকট শব্দে ভেঙে পড়ে সেতুর একটি বড় অংশ। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে গোটা এলাকা। ডাম্পারটি আংশিকভাবে ব্রিজের উপর ঝুলে পড়ে, নীচে নদী। তবে সৌভাগ্যবশত এখনও পর্যন্ত এই ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়ার গ্রামীণ সড়কের উপর থাকা এই পুরনো ব্রিজ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুর লোহার পাইপ ও বিমে ব্যাপকভাবে মরচে ধরেছিল। একাধিকবার সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান এবং দ্রুত সংস্কারের দাবি তোলেন। তাঁদের বক্তব্য, আগেই আশঙ্কা করা হয়েছিল যে যে কোনও সময় বড় বিপর্যয় ঘটতে পারে। আজ সেই আশঙ্কাই সত্যি হল। প্রশ্ন উঠছে, কীভাবে এত ভারী পণ্যবাহী যান এই সেতুতে উঠল? নজরদারির ঘাটতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এই দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট গ্রামীণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনের জন্য বিকল্প পথের খোঁজ চলছে। স্থানীয়রা অস্থায়ী সেতু বা দ্রুত সংস্কারের ব্যবস্থার দাবি জানিয়েছেন।
তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, ব্রিজের লোহার বিমে মরচে ধরার বিষয়টি আগেই প্রশাসনের নজরে আনা হয়েছিল। জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাঁর দাবি, কিছু ক্ষেত্রে নিয়ম ভেঙে ভারী যান চলাচল করানো হয়েছে, যা বিপদের ঝুঁকি বাড়িয়েছে। যারা আইন ভেঙেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এই ঘটনায় ফের গ্রামীণ এলাকায় পুরনো সেতু ও পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠল। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
