
আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল। শুক্রবার নাজিরাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি হাতে নিয়ে মিছিল করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ছবি কথা বলে’। ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও হাইকোর্টের অনুমতি নিয়ে আদালতের নির্দেশিত পথে এই মিছিল করেন তিনি, সঙ্গে ছিলেন বিজেপির একাধিক বিধায়ক।
শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ব্যক্তিকে ছবিতে দেখা যাচ্ছে, তিনি আদতে সেই মোমো কারখানার মালিক, যার গুদামে আগুন লেগে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন শ্রমিক। বিরোধীদের অভিযোগ, কারখানার বিরুদ্ধে একাধিক অব্যবস্থাপনার অভিযোগ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত সংস্থার মালিককে গ্রেফতার করা হয়নি। অথচ গুদাম মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছে এবং কারখানার ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে পুলিশ আটক করেছে।
শুভেন্দু বলেন, “কর্মীদের ধরছেন, গুদাম মালিককে ধরছেন, আমরা তাতে সমর্থন করি। কিন্তু মোমো সংস্থার মালিককে কেন গ্রেফতার করা হচ্ছে না? মুখ্যমন্ত্রী যাঁর সঙ্গে বিদেশে হাঁটছেন, সেই ব্যক্তির বিরুদ্ধেও সমান ব্যবস্থা চাই।” তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের একাংশ এই ঘটনায় দায় এড়াতে চাইছে।
মিছিল থেকে পাঁচ দফা দাবি তোলেন শুভেন্দু। তার মধ্যে রয়েছে, দখল হওয়া জলাভূমির তালিকা তৈরি, অগ্নিকাণ্ডে নিখোঁজদের খোঁজ, মৃতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, পরিবারের একজনকে সরকারি চাকরি এবং অগ্নিকাণ্ডে জড়িত সকল দোষীর গ্রেফতার।
প্রসঙ্গত, আনন্দপুরের জোড়া গুদামে আগুন লাগার ঘটনায় উদ্ধার হওয়া দেহাংশের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, অন্তত ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে এবং সেগুলি শনাক্ত করতে ডিএনএ ম্যাপিং শুরু হয়েছে। ঘটনায় শোকের আবহে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক তরজা।
