
জেলে অসুস্থ হয়ে পড়া পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান-এর চিকিৎসা ও মানবিক আচরণের দাবিতে পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেন বিশ্বের ১৪ জন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের সুনীল গাভাসকর, কপিল দেব এবং পাকিস্তানের ওয়াসিম আক্রম।
সাম্প্রতিক খবর অনুযায়ী, জেলে থাকার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইমরান খান এবং তাঁর প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পাকিস্তান সরকার প্রকাশ্যে কিছু না বলায় উদ্বেগ আরও বেড়েছে। ইমরানের দলও জানিয়েছে, তাঁর জীবনের ঝুঁকি থাকতে পারে।
এই পরিস্থিতিতে পাঁচটি দেশের ১৪ জন প্রাক্তন অধিনায়ক যৌথভাবে চিঠি লিখে জানিয়েছেন, ইমরান খান ক্রিকেট ইতিহাসের একজন কিংবদন্তি এবং তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা ছিলেন। তাই রাজনৈতিক মতাদর্শ যাই হোক, তাঁর প্রতি সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।
চিঠিতে আরও বলা হয়েছে, জেলে থাকাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি এবং দৃষ্টিশক্তি হারানোর খবর অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে তাঁর যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের সদস্যদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।
এই আবেদনের ফলে আন্তর্জাতিক মহলে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। এখন নজর রয়েছে, পাকিস্তান সরকার ইমরান খানের চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কী পদক্ষেপ নেয়।
