
ওজন কমাতে শুধু শরীরচর্চা করলেই হয় না, সঠিক খাদ্যাভ্যাসও সমান জরুরি। বিশেষ করে রাতের খাবারে কিছু নির্দিষ্ট পদ রাখলে পেটের মেদ কমাতে সাহায্য করে এবং ঘুমও হয় আরামদায়ক। বিশেষজ্ঞদের মতে, ঘুমের আগে হালকা ও পুষ্টিকর খাবার শরীরের বিপাক ক্রিয়া সক্রিয় রাখে, ফলে অতিরিক্ত চর্বি জমতে পারে না।
সিদ্ধ ডিম রাতে খাওয়ার জন্য ভালো বিকল্প। এটি কম ক্যালোরিযুক্ত এবং প্রোটিনসমৃদ্ধ। প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখে, অযথা ক্ষুধা কমায় এবং পেশী গঠনে সাহায্য করে। ঘুমানোর এক থেকে দুই ঘণ্টা আগে একটি বা দুটি সিদ্ধ ডিম খেলে উপকার মিলতে পারে।
জলে মিশিয়ে অল্প পরিমাণ আপেল সিডার ভিনেগার পান করাও উপকারী বলে মনে করা হয়। এতে থাকা উপাদান শরীরের চর্বি ও শর্করা ভাঙতে সাহায্য করে এবং বিপাক ক্রিয়া বাড়ায়। তবে অতিরিক্ত নয়, পরিমিত পরিমাণেই গ্রহণ করা উচিত।
করলার রস সন্ধ্যায় পান করলে শরীরে জমে থাকা অভ্যন্তরীণ চর্বি কমাতে সহায়তা করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। ফলে রাতে শরীর স্বাভাবিকভাবে চর্বি পোড়াতে পারে।
দারুচিনি চা-ও ভালো বিকল্প। এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে, হজম শক্তি বাড়ায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ঘুমের আগে এক কাপ হালকা দারুচিনি চা শরীরকে শিথিল করে গভীর ঘুমে সহায়তা করতে পারে।
তবে মনে রাখতে হবে, প্রত্যেকের শরীর আলাদা। নিয়মিত এই খাবার গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাপনই সুস্থ থাকার মূল চাবিকাঠি।
