
দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গেল। বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইকে কেন্দ্র করে কিছু নগ্ন পোস্টার প্রকাশ্যে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু রাস্তায় নয়, সেই ছবি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ করেছেন, এই ধরনের পোস্টার সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তাঁর মানহানির চেষ্টা করা হয়েছে। তাঁর বক্তব্য, “আমার বিরুদ্ধে কোনও ইস্যু না পেয়ে এভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। মানুষ জানে আমি কী করেছি।”
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রতিপক্ষ এ ধরনের কৌশল নিচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তিনি থানায় কোনও অভিযোগ দায়ের করেননি।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই বিষয়টি নিয়ে সরাসরি কোনও দায় নিতে চায়নি। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, তারা এই ধরনের অশ্লীল প্রচারকে সমর্থন করে না। দলের মুখপাত্রের মতে, “এই ধরনের সংস্কৃতি সমাজের জন্য ক্ষতিকর। তবে আমরা এই ছবির সত্যতা যাচাই করিনি এবং এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”
রাজনৈতিক মহলের মতে, দুর্গাপুর পশ্চিম কেন্দ্র ইতিমধ্যেই একটি হাই-ভোল্টেজ আসন হিসেবে পরিচিত। এখানে বিজেপি তাদের বিদায়ী বিধায়কের উপর ভরসা রেখেছে, অন্যদিকে তৃণমূল নতুন প্রার্থী দিয়ে লড়াইয়ে নেমেছে। এর মধ্যে এই ধরনের বিতর্ক ভোটের আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।
লক্ষ্মণ ঘোড়ুই অতীতে আসানসোল-দুর্গাপুর সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। এবার ভোট প্রচারে তাঁকে কখনও সাধারণ মানুষের মতো চপ ভাজতে দেখা গেছে, আবার কখনও জল বয়ে প্রচার করতেও দেখা গেছে। তিনি নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন।
আগামী ২৩ এপ্রিল দুর্গাপুর পশ্চিম আসনে ভোট গ্রহণ। তার আগে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়ে নজর রাজনৈতিক মহলের। তবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও বড় পদক্ষেপের খবর পাওয়া যায়নি।
