
কলকাতা: প্রথম দফার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য অংশের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে বলে জানাল ADR ও ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। ১,৪৭৫ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণে দেখা গিয়েছে, ৩৪৫ জন (২৩%) প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে ২৯৪ জন গুরুতর অভিযোগে অভিযুক্ত। ৯৮ জনের বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের মামলা, যার মধ্যে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে।
ADR সদস্য উজ্জয়িনী হালিম বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত প্রার্থীদের মনোনয়ন দেওয়া উদ্বেগজনক। একইসঙ্গে দেশে দারিদ্র্যসীমার নিচে বিপুল জনগোষ্ঠী থাকা সত্ত্বেও প্রার্থীদের গড় সম্পদ ₹১.৩৪ কোটি হওয়াও প্রশ্ন তুলছে।
দলভিত্তিকভাবে বিজেপির ৭০%, তৃণমূলের ৪৩%, সিপিআই(এম)-এর ৪৪% এবং কংগ্রেসের ২৬% প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। ১৫২টির মধ্যে ৬৬টি আসন ‘রেড অ্যালার্ট’ হিসেবে চিহ্নিত।
অন্যদিকে, ২১% প্রার্থী কোটিপতি। তৃণমূলের ১০৬ জন, বিজেপির ৭১ জন, কংগ্রেসের ৫০ জন এবং সিপিআই(এম)-এর ২৪ জন প্রার্থী কোটিপতি। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ₹১৩৩ কোটির সম্পদ ঘোষণা করে শীর্ষে রয়েছেন।
