
কলকাতা: ভারতীয় ক্রিকেটের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক করার ভাবনা নাকি বিবেচনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ড সূত্রে এমনই খবর ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বর্তমানে আইপিএলে পাঞ্জাব কিংস দারুণ ছন্দে রয়েছে। ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে দলটি এবং এখনো অপরাজিত অবস্থায় রয়েছে তারা। গত মরশুমেও দলটি ফাইনালে পৌঁছেছিল, যদিও শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে এবারের মরশুমে শুরু থেকেই শক্তিশালী পারফরম্যান্স করছে পাঞ্জাব এবং তার নেতৃত্বে আছেন শ্রেয়স আইয়ার।
এই ধারাবাহিক সাফল্যের কারণেই জাতীয় দলে তার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে, ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি নিয়ে ভাবছে বোর্ড। বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাট থেকে বড় রান আসছে না এবং বড় প্রতিযোগিতাগুলিতেও প্রত্যাশা পূরণ হয়নি।
এই পরিস্থিতিতে নতুন পরিকল্পনার অংশ হিসেবে বোর্ড টি-টোয়েন্টি ফরম্যাটে একাধিক দল গঠনের কথা ভাবছে। আগামী সময়ে ভারতের ব্যস্ত সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ, এশিয়ান গেমস এবং অন্যান্য আন্তর্জাতিক সিরিজ রয়েছে। সেই কারণে একসঙ্গে একাধিক দল নিয়ে খেলানোর পরিকল্পনাও আলোচনায় এসেছে।
এই নতুন কাঠামো বাস্তবায়িত হলে একাধিক অধিনায়ক রাখা হতে পারে বলেও জানা যাচ্ছে। সেই তালিকায় শ্রেয়স আইয়ারের নাম বিশেষভাবে উঠে এসেছে। তাঁর নেতৃত্বগুণ, শান্ত স্বভাব এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচক কমিটি।
একই সঙ্গে তরুণ ক্রিকেটারদেরও সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, অঙ্গকৃষ রঘুবংশী এবং কার্তিক ত্যাগী মতো তরুণদের ভবিষ্যতের জন্য তৈরি করার ভাবনাও রয়েছে বোর্ডের। আসন্ন সিরিজগুলোতে এই তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।
ভারতীয় টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন শ্রেয়স আইয়ার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা হয়নি।
