
ভোটের মুখে নজিরবিহীন কড়াকড়ি! পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সমুদ্রসৈকত এলাকাগুলিতে পর্যটকদের জন্য বড়সড় নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যেই দিঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুর থেকে সমস্ত বহিরাগত পর্যটকদের হোটেল ছেড়ে চলে যেতে হবে। এই নির্দেশ কার্যকর থাকবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের আশঙ্কা, ভোটের সময় বহিরাগতদের উপস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। তাই আগে থেকেই কঠোর নজরদারি চালানো হচ্ছে।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোনও হোটেল বা লজে জেলার বাইরের কোনও ব্যক্তিকে থাকতে দেওয়া যাবে না। ইতিমধ্যেই এই নির্দেশ সমস্ত হোটেল মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। নিয়ম না মানলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
যে সমস্ত পর্যটক বর্তমানে এই এলাকাগুলিতে রয়েছেন, তাঁদের দ্রুত চেক-আউট করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সকাল থেকেই দিঘা ও মন্দারমণির হোটেলগুলিতে চেক-আউটের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছেন।
এই সিদ্ধান্তে পর্যটন শিল্পে সাময়িক ধাক্কা লাগতে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। এপ্রিল মাসে সাধারণত এই সৈকত এলাকাগুলিতে পর্যটকদের ভিড় থাকে বেশি। ঠিক সেই সময়েই এমন নিষেধাজ্ঞা জারি হওয়ায় হোটেল ব্যবসায়ীরা কিছুটা চিন্তিত।
তবে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। শুধুমাত্র স্থানীয় ভোটার বা বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই এই সময় হোটেলে থাকতে পারবেন।
ভোটের আগে রাজ্যে একের পর এক কড়া সিদ্ধান্ত বাইক চলাচলে নিষেধাজ্ঞা থেকে শুরু করে এবার পর্যটকদের উপর বিধিনিষেধ সব মিলিয়ে নির্বাচন ঘিরে নজিরবিহীন সতর্কতা দেখা যাচ্ছে।
এখন বড় প্রশ্ন, এই কড়াকড়ি কতটা কার্যকর হয় এবং ভোটের সময় আদৌ শান্তি বজায় রাখা যায় কিনা। তবে আপাতত দিঘার সৈকতে ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বইছে একটাই বার্তা “আজই ফিরুন, না হলে সমস্যায় পড়তে পারেন!”
