
হুগলির চুঁচুড়া বিধানসভার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
ভোটগ্রহণ চলছিল দিগম্বর জৈন স্কুলে। তৃণমূলের দাবি, তাদের পোলিং এজেন্ট সমীর দাসকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মারধর করেছে। আহত অবস্থায় তাঁর হাতে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা যায় বলে অভিযোগ। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান দেবাংশু ভট্টাচার্য এবং আহত এজেন্টকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
আহত সমীর দাসের অভিযোগ, তিনি সকালে বুথে দায়িত্ব পালন করছিলেন। পরে প্রিসাইডিং অফিসারকে জানিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যান। পুনরায় বুথে প্রবেশের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে মারধর করে বলে তাঁর দাবি। তবে এই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর তরফে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনার পর দেবাংশু ভট্টাচার্য কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নির্দিষ্ট কারণ ছাড়া এভাবে মারধর মেনে নেওয়া যায় না। তাঁর বক্তব্য, প্রয়োজনে তিনি এই ঘটনার বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, “কেন মারধর করা হয়েছে, তার কোনও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।” এই ঘটনাকে কেন্দ্র করে বুথ এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়।
অন্যদিকে, সেক্টর অফিসার রানা বসু ও সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তির বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থার তথ্য সংগ্রহ করা হয়েছে। সব তথ্য যাচাই করে নির্বাচন কমিশনে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে বলে তাঁরা জানান।
বর্তমানে ওই বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চললেও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
