
হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ভোট দিতে এসে এক ৮২ বছর বয়সী বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমদিকে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর আঘাতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে কোনও বাহিনীর হস্তক্ষেপের যোগ নেই, এটি সম্পূর্ণভাবে অসুস্থতাজনিত মৃত্যু।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত বৃদ্ধের নাম পূর্ণ চন্দ্র দোলুই (৮২)। তিনি হাওড়া গ্রামীণ জেলার পেনরো থানার অন্তর্গত কুরিত পূর্ব এলাকার বাসিন্দা এবং অনুকূল দোলুইয়ের পুত্র। মঙ্গলবার তিনি তাঁর ছেলের সঙ্গে ১৮২-উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের ২৪৫ নম্বর বুথে ভোট দিতে আসেন।
ভোট প্রক্রিয়া সম্পন্ন করার পর হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ভোটকেন্দ্রের কাছেই মাটিতে লুটিয়ে পড়েন। সেই সময় তাঁর ছেলে বুথের ভিতরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি দেখে তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, বয়সজনিত শারীরিক সমস্যার কারণেই এই মৃত্যু ঘটেছে। পুরো ঘটনার পর সংশ্লিষ্ট বুথ পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই ঘটনার পরেও এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে এবং কোথাও কোনও অশান্তির খবর নেই। গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করার জন্যও সকলকে সতর্ক করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
