ট্রাম্পের আগাম ঘোষণা মত ভাবাই গিয়েছিল বড়সড় কিছু হতে চলেছে।আর হলও তাই।বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চিনের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি শুল্ক চাপানোয় ট্রাম্পের শুরু করা ট্যারিফযুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে।গোটা বিশ্বজুড়েই ধাক্কা লেগেছে শেয়ারবাজারে।অর্থনীতিতেও দেখা দিয়েছে মন্দার শঙ্কা।
গত বুধবার বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এতে তিনি চিনের ওপর নতুন করে ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কথা জানান।আগে চাপানো শুল্কসহ তা পৌঁছোয় ৫৪ শতাংশে।ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক চাপানোর চাপে চিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে বেজিং। চিন জানায় আগামী ১০ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। একইসঙ্গে আমেরিকা থেকে আমদানি করা বিরল কিছু পণ্যে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করার কথাও জানিয়েছে বেজিং। শুধু তা-ই নয়, ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে শি জিনপিংয়ের বাণিজ্য মন্ত্রক চিনা পণ্যের রফতানিতেও লাগাম দিয়েছে।সাতটি খনিজ উপাদানের (রেয়ার আর্থ এলিমেন্টস)রফতানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন চিনের প্রেসিডেন্ট।পাশাপাশি ১১টি আমেরিকান সংস্থাকে ‘বিশ্বস্ত নয়’ বলে উল্লেখ করে চিনে তাদের বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন করে ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করছে।
মার্কিন পণ্য আমদানিতে সমান পাল্টা শুল্ক আরোপ করার পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি মামলাও করেছে চিন। যুক্তরাষ্ট্রের শুল্ক চাপানো প্রসঙ্গে বলতে গিয়ে চিন জানিয়েছে যে এটা আমেরিকার একপক্ষীয় আচরণ।এটা বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যিক ব্যবস্থার স্থিতিশীলতাকে নষ্ট করবে।তবে অর্থনীতির বিশ্লেষকদের মতে চিন একাধিক পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা শুল্কযুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে দিল বেজিং।এতে বিশ্ব বাজারে অনিশ্চয়তা আরও বাড়বে।
ট্রাম্পের নজিরবিহীন বাড়তি শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও।এতে ২০২৫ সালে বিশ্ব বাণিজ্য প্রায় ১ শতাংশ কমে যাবে বলে সতর্ক করে বলেছে ওই সংস্থা।ডব্লিউটিওর প্রধান এনগোজি ওকোনজো ইওয়েলা বলেছেন, “একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপে বিশ্ব বাণিজ্য হ্রাস এবং বাণিজ্যযুদ্ধ শুরুর বিপদ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”
ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক চাপানোর পর থেকেই ধাক্কা লেগেছে গোটা বিশ্বের শেয়ারবাজারে। টানা দ্বিতীয় দিনের মতো এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে বড় পতন হয়েছে।লেনদেন শুরু হওয়ার পর প্রথম কয়েক মিনিটে ডাও জোন্স এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ২ দশমিক ৪ শতাংশ কমে গেছে।নাসড্যাক সূচক কমে গেছে ৩ শতাংশের বেশি।ইউরোপের বাজারে গড়ে সূচক ৪ শতাংশ কমেছে।এফটিএসই ১০০ সূচক ৪ দশমিক ৬ শতাংশ ও ড্যাক্স সূচকও ৪ দশমিক ৫ শতাংশ কমে গেছে।
বিশ্ববাজারে এই ধাক্কা লাগলেও ট্রাম্প আছেন ট্রাম্পেই।চিনের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট তিনি।মার্কিন পণ্যে চিনের পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বেইজিংকে সতর্ক করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, চিন ভুল করছে। তারা আতঙ্কে এমন কাজ করছে, যার পরিণাম ভোগার মতো অবস্থায় তারা নেই। শুল্ক চাপানো হলেও বৃহস্পতিবার তা নিয়ে চিনের সঙ্গে সমঝোতার কথাও শোনা গিয়েছিল ট্রাম্পের কণ্ঠে। ট্রাম্প জানান, চিন যদি টিকটক চুক্তি স্বাক্ষরে রাজি হয়, তবে শুল্ক নিয়ে তাদের সঙ্গে বোঝাপড়ার পথে যেতে পারে আমেরিকা। কিন্তু সেই প্রস্তাবে সায় না দিয়েই বাড়তি শুল্ক চাপানোর পথে হেঁটেছে চিন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
