যোগ্যদের তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরকে মেল এসএসসির
সুদীপ্ত চট্টোপাধ্যায়
যোগ্য চাকরি হারার সংখ্যা প্রায় ১৯ হাজার? রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে এমন তথ্যই পাওয়া যাচ্ছে। যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের তালিকা তৈরি করে রাজ্য শিক্ষা দপ্তর কে পাঠিয়েছে কোন সার্ভিস কমিশন। যেখানে যোগ্য চাকরিপ্রার্থীর নাম, যে স্কুলে তারা কর্মরত সেই স্কুলের নাম সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য বিশদে উল্লেখ করা হয়েছে বলে খবর। আর সেই নাম তালিকা থেকেই জানা যাচ্ছে যে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় ১৯ হাজার। অর্থাৎ এসএসসি মামলায় ২৫ হাজার ৭৫৩ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের যে প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তার মধ্যে প্যানেলভুক্ত প্রায় সাত হাজার জন যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন।
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্য শিক্ষা দপ্তরকে পাঠানো তালিকা থেকেই এই দুর্নীতির ছবি স্পষ্ট হয়েছে। যদিও সরকারিভাবে এই তালিকা সম্বন্ধে একটি বাক্য খরচ করতে নারাজ স্কুল সার্ভিস কমিশনের কর্তারা।
প্রসঙ্গত শিক্ষা মন্ত্রীর উপস্থিতিতে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আশ্বাস দিয়েছিলেন রবিবারে মধ্যেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রস্তুতির কাজ শেষ হবে। আগামী ২১ এপ্রিল নাগাদ পাবলিক ডোমেইন বা প্রকাশ্যে যোগ্য অযোগ্য চাকরি হারাদের তালিকা পাওয়া যাবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট বা পোর্টালে এই তালিকা তুলে দেওয়া হবে। বৈঠকের প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই যোগ্য চাকরি হারাদের তালিকা সম্পূর্ণ করেছে স্কুল সার্ভিস কমিশন বলেই সরকারি সূত্রে খবর। এবং সেই তালিকা শিক্ষা দপ্তর কে মিল করা হয়েছে। যার মাধ্যমে জানা গেছে প্রায় ২৬ হাজার চাকরি হারাদের মধ্যে প্রায় ১৯ হাজার যোগ্যদের তালিকাভুক্ত।
