স্নিগ্ধা চৌধুরী
আবারও শোকের ছায়া নামল জম্মু-কাশ্মীর উপত্যকায়। রবিবার সকালে জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় শহিদ হলেন ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান। সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায় রামবান জেলার পাহাড়ি পথে।
পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শ্রীনগরের উদ্দেশে রওনা দেওয়া সেনা কনভয়ের একটি গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন সেনা জওয়ান সিপাহি অমিত কুমার, সুজিত কুমার ও মান বাহাদুর। স্থানীয় বাসিন্দারা, পুলিশ, সেনাবাহিনী এবং SDRF তড়িঘড়ি উদ্ধার কাজে নামে। দীর্ঘ প্রচেষ্টায় শহিদদের মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাদে পড়ার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। গাড়িতে ঠিক কী ধরনের যান্ত্রিক গোলযোগ হয়েছিল বা আবহাওয়াজনিত কোনও সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখছে সেনাবাহিনী।
এই রকম মর্মান্তিক দুর্ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। মার্চ মাসেও একই জেলায় খাদে পড়ে মৃত্যু হয়েছিল দু’জনের। সবজি বোঝাই একটি ট্রাক স্লিপ করে খাদে পড়ে যায় এবং প্রাণ হারান চালক ও সহকারী।
এদিনের দুর্ঘটনা ফের একবার সেনা কনভয়ের নিরাপত্তা ও রাস্তার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে। প্রতিকূল আবহাওয়া, সরু রাস্তা ও পাহাড়ি অঞ্চল হওয়ায় জম্মু-শ্রীনগর হাইওয়ে বরাবরই দুর্ঘটনাপ্রবণ।
এই ঘটনার পর শোকস্তব্ধ গোটা দেশ। শহিদ জওয়ানদের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা। সরকারের তরফে নিহত সেনা পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।
