” দলিত হয়ে আবার বিয়ে করবে হলে? এত সাহস কোথা থেকে এল?” ম্যারেজ হলে দলিত সম্প্রদায়ের বিয়েকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড যোগীরাজ্যে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন স্বয়ংবর ম্যারেজ হলে এক দলিত পরিবারকে আক্রমণ করল প্রায় ২০ জনের একটি দল। লাঠি, রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ, ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত দু’জন। উত্তরপ্রদেশের বলিয়া জেলার রাসড়া এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় গুরুতর আহত হয়েছেন পরিবারের দুই সদস্য। আহতদের মধ্যে রয়েছেন বরের ভাই রাঘবেন্দ্র গৌতম। তিনিই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ আমন সাহানি, দীপক সাহানি, রাহুল ও অখিলেশ নামে চারজন এবং আরও ১৫-২০ জন মল্লা টোলি এলাকার বাসিন্দা মিলে বিয়েবাড়িতে হানা দেয়।
হামলাকারীদের মন্তব্য, “তোমরা দলিত হয়ে কীভাবে হলঘরে বিয়ের অনুষ্ঠান করো?” এই বলে গালিগালাজ করতে থাকে হামলাকারীরা। “দলিত হয়ে আবার বিয়ে করবে হল ভাড়া নিয়ে? এত সাহস কোথা থেকে এল?” এই ধরনের একের পর এক জাতিবিদ্বেষমূলক মন্তব্য করতে করতেই শুরু হয় বেধড়ক মারধর। বিয়েবাড়ির অতিথিদের সামনেই চালানো হয় লাঠি-রড দিয়ে মারধর করা হয় পরিবারের সদস্যদের।
এদিনের মারধরের ঘটনায় দু’জন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। শুধুমাত্র সামাজিক অবস্থানকে কেন্দ্র করে যোগীরাজ্যে এক পরিবারের বিয়ের অনুষ্ঠানে এমন বর্বরোচিত হামলার ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড়।
