দিল্লি থেকে ভোপালগামী বন্দে ভারত এক্সপ্রেসে রক্তারক্তি কাণ্ড! এক যাত্রীকে আসন বদলাতে বললেন তিনি রাজি না হওয়ায় বিপত্তি। অভিযোগ, আসন বদলের অনুরোধ মানতে অস্বীকার করায় সেই যাত্রীর উপর হামলা চালায় বিজেপি বিধায়ক রাজীব সিং পরিচ্ছার অনুগামীরা। মারের চোটে যার ফলে ওই যাত্রীর নাক-মুখ থেকে রক্ত বেরোতে থাকে বলে জানা গেছে। এই মারধরের ঘটনাটি ঘটে ঝাঁসি স্টেশনে।
স্ত্রী ও ছেলেকে নিয়ে বন্দে ভারত ট্রেনের ‘ই-২’ এক্সিকিউটিভ কোচে ভ্রমণ করছিলেন ববিনা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক রাজীব। তাঁদের তিনটি আসন ছিল যথাক্রমে ৮, ৫০ ও ৫১ নম্বরে। অভিযোগ, ৪৯ নম্বর আসনে বসা এক বৃদ্ধ যাত্রী রাজপ্রকাশ, বিধায়কের আসনে বসতে আপত্তি করেন। সেই নিয়েই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি। অভিযোগ, ঝাঁসি স্টেশনে ট্রেন থামলে ৬-৭ জন লোক ওই কোচে উঠে বৃদ্ধ রাজপ্রকাশকে বেধড়ক মারধর করেন। বিধায়কের মদতেই এই মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ইতিমধ্যেই এ বিষয়ে ঝাঁসি জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। যদিও পুরো ঘটনা নিয়ে জিআরপি বা আরপিএফ মুখে কুলুপ এঁটেছে।
এ দিকে, বন্দে ভারত এক্সপ্রেসে মারধরের ঘটনা এবং তাতে বিজেপি-যোগকে কেন্দ্র করে উত্তাল মধ্যপ্রদেশের রাজনীতি। প্রাক্তন বিধায়ক মুকেশ নায়েক ও প্রাক্তন মন্ত্রী রামনিবাস রাওত সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘বন্দে ভারত ট্রেনে আসন না বদলানোয় একজন যাত্রীকে জনসমক্ষে মারধর করা হয়েছে, এটা কি ‘সুশাসন’?’
যদিও অভিযুক্ত বিজেপি বিধায়ক রাজীব বলেন, “৪৯ ও ৫২ নম্বর আসনের যাত্রীরা অশোভন ভঙ্গিতে বসেছিলেন, তাঁদের শুধু সোজা হয়ে বসতে বলা হয়েছিল। তার পরই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। আমার সঙ্গীরা এসেছিল ঠিকই, তবে ঝামেলা যাতে না বাড়ে তার চেষ্টা করছিলাম আমি।” এই ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। বিধায়কের অভিযোগের ভিত্তিতে আইপিসি ধারা ১১৫(২) ও ৩৫২ অনুযায়ী মামলা দায়ের হয়েছে।
