সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চিনে অধ্যয়নরত এক ভারতীয় ছাত্রীর হোস্টেল রুম ট্যুর ভিডিয়ো। শেনজেন শহরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে নিজের থাকার জায়গার ভিডিয়ো শেয়ার করেছেন ভারতের সলোনি চৌধুরী নামের এক ইঞ্জিনিয়ারিং ছাত্রী। ভিডিয়োতে তিনি চিনে বিদেশি ছাত্রছাত্রীদের জীবনযাত্রা ও হোস্টেলের পরিবেশ সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
সলোনি ভিডিয়োটি শুরু করেন হোস্টেল বিল্ডিং দেখিয়ে। তিনি জানান, তাঁর হোস্টেল ১৭তলা ভবনে অবস্থিত। সেখানে প্রবেশ করতে হলে আইডি কার্ড বা ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করতে হয়। তাঁর রুমে মোট চারজন থাকতে পারেন। হোস্টেলের ঘরটিকে “দারুণ সুন্দর, আরামদায়ক এবং ছাত্রীদের উপযোগী” বলে বর্ণনা করেছেন তিনি। ভিডিয়োতে তিনি সাধারণ বাথরুম, ড্রেসিং এরিয়া ও লন্ড্রি স্পেসও দেখিয়েছেন। সেখানে বিনামূল্যে ওয়াশিং মেশিন ব্যবহার করা যায়। এমনকি প্রিন্টিং মেশিন ব্যবহারের সুবিধাও আছে।
সলোনি ভিডিয়োটির ক্যাপশনে লিখেছেন, “আমি সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা করছি, তাই টিউশন ফি, হোস্টেল খরচ বা অন্যান্য খরচ নিয়ে চিন্তা করতে হয় না, এটি আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য এক বড় আশীর্বাদ।” এই ভিডিয়োটি দেখে অনেকেই চমকে গেছেন। একজন লিখেছেন, “ভারতীয় হোস্টেল আর চাইনিজ হোস্টেলের মধ্যে কতটা পার্থক্য! এত পরিষ্কার-পরিচ্ছন্ন, প্রাইভেসি আছে, পরিবেশও খোলামেলা। ফ্রি প্রিন্টিং মেশিন, ওয়াশিং মেশিন, পরিষ্কার বাথরুম, জাস্ট অসাধারণ! এমন জায়গায় থাকলে মানসিক শান্তি পাওয়া যায়।”
জাজবাত বাংলায় আরও পড়ুন
অন্য একজন লিখেছেন, “তুমি সত্যিই লাকি! আমি ভাবতাম চিনা ড্রামাতে যা দেখায় সেগুলো হয়তো সাজানো, কিন্তু তুমি তো প্রমাণ করে দিলে যে সত্যিই সেখানে এমন দারুণ হোস্টেল রুম আছে।” ভিডিয়োটি এখন নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই এমন সুযোগের কথা জানতে পেরে চিনে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে ইচ্ছে প্রকাশ করেছেন।
