চাকরির বাজারের যা অবস্থা, তাতে অনেকেই ভাবেন পড়াশোনার পর যদি একটা নির্ভরযোগ্য ব্যবসা শুরু করা যায়। কিন্তু চিন্তা অনেক। কীভাবে ব্যবসা শুরু করবেন, সরকারি অনুদান বা ঋণ কোথা থেকে পাওয়া যায় এবং ব্যবসার আইনি দিক-সহ নানা বিষয়। এবার এই সব চিন্তার সমাধান মিলবে রাজ্য সরকারের একটি প্রকল্পে। হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়াই নয়, এই কর্মসূচির মূল লক্ষ্য নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও পরিচালনার দক্ষতা প্রদান। এবার বহরমপুরে দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টিং, সরকারি স্কিমে আবেদন ও আধুনিক ব্যবসা কৌশল প্রশিক্ষণ।
পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের আওতায় পরিচালিত ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে রাজ্যে শুরু হয়েছে বিশেষ ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’।
রাজ্য সরকার সূত্রে খবর, বেকার যুবক যুবতীদের কাজ এবং আয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এই রকমই একটি প্রকল্প হল উৎকর্ষ বাংলা। এই প্রকল্পে প্রশিক্ষণ দিয়ে বেকার যুবক-যুবতীদের সরাসরি কাজের সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যে এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে আছে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর।
