টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সম্প্রতি এক উদ্বেগের ঘটনার সাক্ষী হলেন। তাঁর গৃহ সহায়িকার কিশোরী মেয়ে ও তার এক বান্ধবী গত ৩১ জুলাই সকাল ১০টা নাগাদ নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের খবর পাওয়ার পর অভিনেত্রী নিজেই মালভণি থানায় FIR দায়ের করেন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্যের আবেদন জানান।
অঙ্কিতার পোস্টে লেখা ছিল, ‘তারা শুধু আমাদের বাড়ির সদস্য নয়, তারা আমাদের পরিবারের অংশ। আমরা খুবই চিন্তিত। মুম্বই পুলিশ ও সমস্ত মুম্বইবাসীর কাছে অনুরোধ, এই মেসেজ ছড়িয়ে দিন ও যেকোনও তথ্য থাকলে জানাবেন।’ পোস্টের সঙ্গে দুই কিশোরীর ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।
এই ঘটনার পর ৭ অগস্ট, বুধবার, অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈন ইনস্টাগ্রামে একটি আপডেট শেয়ার করে জানান যে নিখোঁজ সালোনি ও নেহাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পোস্টে লেখা ছিল, ‘আপডেট: মেয়েদের নিরাপদে পাওয়া গিয়েছে। আমরা ভীষণই স্বস্তি ও আনন্দ অনুভব করছি এই খবর জানাতে যে সালোনি ও নেহা নিরাপদে উদ্ধার হয়েছে।’
ক্যাপশনে দম্পতি লিখেছেন, ‘মুম্বই পুলিশকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এত দ্রুত পদক্ষেপ নিয়ে ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় আপনারা সত্যিই অসাধারণ। সমস্ত মুম্বইবাসীকে ধন্যবাদ, যাঁরা আমাদের সঙ্গে পাশে থেকেছেন, শেয়ার করেছেন, প্রার্থনা করেছেন। আপনারা এই দুই মেয়ের খোঁজ পাওয়ায় ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন। কৃতজ্ঞতা অশেষ।’
এই মানবিক ঘটনায় অঙ্কিতা ও ভিকির ব্যবহার সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পাচ্ছে, বিশেষত একজন সেলিব্রিটি হয়ে নিজের গৃহ সহায়িকার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলেই বাহবা দিচ্ছেন।
