সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘সইয়ারা’ নিয়ে মুখ খুললেন অভিনেতা বরুণ বাদোলা। ছবিতে অহন পান্ডে ও অনীত পড্ডা মুখ্য ভূমিকায় অভিনয় করলেও, অহনের বাবার চরিত্রে দেখা গেছে বরুণকে। যদিও এখনও পর্যন্ত তিনি নিজে ছবিটি দেখেননি বলে জানান।
সম্প্রতি স্ক্রিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ জানান, ছবি মুক্তির তৃতীয় বা চতুর্থ দিনেই তিনি বুঝতে পারেন, এটি ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর কথায়, ‘ইনস্টাগ্রামে ইউফোরিয়া দেখলাম। লোকে চুড়ি ভাঙছে, ছাতি পেটাচ্ছে! প্রচার টিম একটু বাড়াবাড়ি করে ফেলেছিল। কেউ কেউ ড্রিপ নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে— এটা একটু অতিরিক্ত হয়ে গেছিল।’
পরিচালক মোহিত সূরি সাম্প্রতিকালে যে মন্তব্য করেছেন তার একেবারে বিপরীত বক্তব্য বরুণের। এক পডকাস্টে পরিচালক দাবি করেছিলেন, ছবিটি নিয়ে যত প্রতিক্রিয়া এসেছে, সবই নাকি ‘অরগ্যানিক’।
অথচ বরুণ আরও বলেন, ‘লোকজন নিশ্চয়ই কোনও না কোনও ভাবে বলে দেওয়া পোস্ট করেছে। ভাগ্যিস, কেউ পা ভেঙে হামাগুড়ি দিয়ে সিনেমা দেখতে যায়নি।’ অর্থাৎ তাঁর স্পষ্ট দাবি পুরোটাই মার্কেটিং টিম টাকা-পয়সা দিয়ে প্রচার করিয়েছে। কোনোটাই ‘অরগ্যানিক’ নয়।
তবে বরুণ এটাও পরিষ্কার করে জানিয়ে দেন, শুধুমাত্র ইনস্টাগ্রামের প্রচারেই ছবিটি ৫০০ কোটির ব্যবসা করতে পারেনি। বাস্তবেই মানুষ সিনেমাটি দেখেছে এবং ভালোবেসেছে বলেই এমন সাফল্য।
উল্লেখ্য, ১৮ জুলাই মুক্তি পাওয়া আদিত্য চোপড়া প্রযোজিত ও মোহিত সূরি পরিচালিত এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটি ছাড়িয়ে ২০২৫ সালের অন্যতম সর্বোচ্চ আয় করা ছবি হয়ে দাঁড়িয়েছে।
