শেখ হাসিনার জমানা বদলের পরে যেন আমূল বদলে যাচ্ছে বাংলাদেশ। একাত্তর, মুক্তিযুদ্ধ, মুজিবুর রহমানের বাংলাদেশ এখন অনেকটাই মৌলবাদীদের দখলে, অভিযোগ এমনটাই।অনেকেই বলছেন বাংলাদেশের মুক্তমনা চিন্তাভাবনার অন্যতম প্রধান মুখ ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবির জামিনে মুক্তি সেই অভিযোগকেই কার্যত মান্যতা দেয়। শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন শফিউর রহমান ফারাবি।
অবশ্য গত ৩০ জুলাই ফারাবির পক্ষে দায়ের করা আপিলের প্রেক্ষিতে হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করে। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা টিএসসির কাছে প্রবাসী বাংলাদেশি লেখক-ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন। এই নারকীয় ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড এবং ফারাবিকে যাবজ্জীবন সাজা দেয়। যদিও এই রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন ফারাবি। ২০২২ সালের ৪ অগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন।এরপর ২০২৪ সালের অগাস্ট মাসে পতন হয় মৌলবাদের বিরুদ্ধে লাগাতার লড়াই করা শেখ হাসিনা সরকারের। গত ৩০ জুলাই হাইকোর্ট ফারাবিকে অন্তর্বর্তী জামিন দেয়। গোটা বাংলাদেশ সহ এই উপমহাদেশকে নাড়িয়ে দেওয়া এই হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্তর জামিনের খবর অনেকেই মেনে নিতে পারছেন না।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
