মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে শপথ নেওয়ার সময় তাঁর বয়স ছিল ৭৮ বছর ৭ মাস। প্রতি মুহূর্তে বিবৃতি আর বিতর্কিত সিদ্ধান্তে সিদ্ধহস্ত হলেও ইদানীং ট্রাম্পের শরীর নিয়ে শুরু হয়েছে নানা চর্চা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে বৈঠকে হাতে বড় একটি আঘাতের দাগ দেখা যাওয়ায় ট্রাম্পের স্বাস্থ্যের বিষয়ে আশঙ্কা তৈরি হয়। এবার সেই নিয়েই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। উত্তরে ট্রাম্প সুস্থ আছেন এমনটা জানালেও প্রয়োজনে যে তিনি প্রেসিডেন্টের দায়িত্বভার সামলাতে প্রস্তুত তা স্পষ্ট করে দিয়েছেন।
ইউএসএ টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ৭৯ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য অত্যন্ত ভাল এবং তাঁর অবিশ্বাস্য শক্তি আছে। তিনি আরও বলেন, “এই ২০০ দিনে যে অভিজ্ঞতা পেয়েছি, তার চেয়ে ভাল অন-দ্য-জব প্রশিক্ষণ আমি কল্পনা করতে পারি না।” রিপাবলিকান ভ্যান্স আরও দাবি করেন যে ট্রাম্প সুস্থ আছেন এবং তিনি তাঁর মেয়াদ পূর্ণ করবেন।
তবে তার পরেই ভান্স বার্তা দিয়ে বলেছেন কোনও ‘ভয়াবহ বিপর্যয়’ ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। এই মুহূর্তে ৪১ বছর বয়সী রিপাবলিকান মার্কিন ইতিহাসের তৃতীয় সবচেয়ে কমবয়সী ভাইস প্রেসিডেন্ট। এদিকে এই মাসের শুরুর দিকে ট্রাম্প ভ্যান্সকে ‘এমএজিএ’ আন্দোলনের সবচেয়ে সম্ভাব্য উত্তরাধিকারী উল্লেখ করেছেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
