চিফ এক্সিকিউটিভ লরঁ ফ্রেক্সকে হঠাৎ করেই বরখাস্ত করল সুইস খাদ্য সংস্থা নেসলে। কারণ হিসেবে বলা হয়েছে, তিনি নিজের অধীনস্থ এক কর্মীর সঙ্গে গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এই আচরণ নেসলের ব্যবসায়িক আচরণবিধির পরিপন্থী।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেসপ্রেসো (Nespresso)-র সিইও ফিলিপ নাভরাটিলকে অবিলম্বে নতুন চিফ এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ করেছে বোর্ড।
নেসলের এক বিবৃতিতে বলা হয়েছে,”লরঁ ফ্রেক্সের পদত্যাগ একটি তদন্তের ফল। তিনি সরাসরি অধীনস্থ এক কর্মীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। এই সম্পর্ক নেসলের আচরণবিধি ভঙ্গ করেছে।”
আইনজীবীদের সহযোগিতায় এই তদন্ত পরিচালনা করেন বোর্ডের চেয়ারম্যান পল বুলকে এবং লিড ইনডিপেনডেন্ট ডিরেক্টর পাবলো ইসলা।
বুলকে বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। নেসলের মূল্যবোধ ও শাসনব্যবস্থা আমাদের কোম্পানির শক্ত ভিত। আমি লরঁ-কে তাঁর দীর্ঘদিনের কাজের জন্য ধন্যবাদ জানাই।”
লরঁ ফ্রেক্স ১৯৮৬ সালে ফ্রান্সে নেসলে-তে যোগ দেন। তিনি ২০০৮ সালের সাবপ্রাইম ও ইউরো সংকটের সময় ইউরোপের কার্যক্রম পরিচালনা করেছিলেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি ইউরোপ বিভাগের প্রধান ছিলেন। পরে তিনি লাতিন আমেরিকা ডিভিশনের দায়িত্ব নেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আকস্মিক সিদ্ধান্তে তাঁকে সিইও করা হয়েছিল, যাতে তিনি গ্রাহকদের দুর্বল খরচের ধারা ঘুরিয়ে দিতে পারেন।
কিন্তু তাঁর নেতৃত্বে কোম্পানির অবস্থা ভালো হয়নি। ২০২৪ সালে নেসলের শেয়ার প্রায় ২৫ শতাংশ পড়ে যায়। এতে সুইজারল্যান্ডে বড় উদ্বেগ তৈরি হয়, কারণ দেশটির বহু পেনশন ফান্ড নেসলে-তে বিনিয়োগ করেছিল।
চলতি বছরের জুলাইয়ের শেষে নেসলে জানায়, বছরের প্রথম ছয় মাসে তাদের নিট মুনাফা ১০.৩ শতাংশ কমেছে। এর কারণ, চিনে দুর্বল চাহিদা এবং কফি ও কোকোর বাড়তি দাম ভোক্তাদের উপর চাপানো সত্ত্বেও বিক্রি আশানুরূপ না হওয়া। তবে সোমবার শেয়ারবাজারে নেসলের শেয়ার সামান্যই বেড়েছে, ০.১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৫.৪৯ সুইস ফ্রাঁসে লেনদেন শেষ হয়।
নতুন সিইও ফিলিপ নাভরাটিল ২০০১ সালে নেসলে-তে যোগ দেন। তিনি সেন্ট্রাল আমেরিকায় বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি মেক্সিকোতে কফি ও পানীয় ব্যবসার নেতৃত্ব দেন। এরপর তিনি নেসকাফে ও স্টারবাকস ব্র্যান্ডের জন্য বিশ্বব্যাপী কৌশল ও উদ্ভাবনের দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের জুলাই মাসে তিনি নেসপ্রেসোর সিইও হন এবং ২০২৫ সালের জানুয়ারিতে নেসলের বোর্ডে যোগ দেন।
বোর্ড চেয়ারম্যান বুলকে বলেন, “আমরা নিশ্চিত যে ফিলিপ কোম্পানির সমৃদ্ধির পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাবেন এবং দক্ষতা বাড়াবেন। আমাদের কৌশলে কোনও পরিবর্তন আসছে না, বরং আরও গতি আসবে।”
নাভরাটিল বলেন, “আমি নেসলের কৌশলগত দিকনির্দেশনা ও কার্যপরিকল্পনা পুরোপুরি সমর্থন করি। আমি কোম্পানির ভ্যালু ক্রিয়েশন প্ল্যানকে এগিয়ে নিয়ে যাব।” সব মিলিয়ে, নেসলে বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখোমুখি, একদিকে শীর্ষ নেতৃত্বে হঠাৎ পরিবর্তন, অন্যদিকে আর্থিক সংকট ও বাজারে প্রতিযোগিতা।

