বড়দিনের ছুটিকে কেন্দ্র করে বাংলা ছবির বক্স অফিসে দারুণ উত্তেজনা। প্রথম সপ্তাহের রিপোর্ট কার্ড স্পষ্টভাবে জানাচ্ছে, লড়াইয়ে সবার আগে রয়েছে দেবের ‘খাদান’। মাত্র ৭ দিনে ‘খাদান’-এর আয় ছাড়িয়েছে ৬.৫০ কোটি, যা ১০ দিনে ৬.১৫ কোটি রোজগার করা ‘বহুরূপী’-কে পেছনে ফেলে দিয়েছে।
প্রথম দিন ৮৪ লাখ দিয়ে শুরু করে, শনিবার ও রবিবারের ছুটিতে আয় বেড়ে হয় যথাক্রমে ৯৬ লাখ ও ১.২০ কোটি। কাজের দিনগুলোতেও ছবির গতি ধরে রেখেছে। সোমবার ৬৪ লাখ, মঙ্গলবার ৭৬ লাখ, বুধবার ১.৫৩ কোটি এবং বৃহস্পতি বার ৬৭ লাখ আয় করেছে ‘খাদান’। ১ সপ্তাহের আয়ে বাংলা ছবির ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে এই ছবি।
লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিঠুন-ঋত্বিক অভিনীত ‘সন্তান’। প্রথম দিনে মাত্র ১২.৫০ লাখ আয় করলেও, উইকেন্ডে ৬৪ লাখ তুলে নিয়েছে। এক সপ্তাহে ‘সন্তান’-এর মোট আয় দাঁড়িয়েছে ১.৪৫ কোটি, যা ‘খাদান’-এর তুলনায় অনেকটাই পিছিয়ে।
তালিকার পরবর্তী স্থানে রয়েছে ‘অ্যামাজন অভিযান’ (৫.৫০ কোটি+), ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ (৫.৫০ কোটি), এবং ‘চাঁদের পাহাড়’ (৪.৮৩ কোটি)। তবে তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে ‘স্বপ্নময় লেন’ ও ‘চালচিত্র’। যথেষ্ট প্রচারের অভাবে ‘চালচিত্র’ প্রথম সপ্তাহে আয় করেছে মাত্র ২৮.৫০ লাখ, আর ‘স্বপ্নময় লেন’ ২১ লাখ।
সপ্তাহের হিসাব বলছে, ‘খাদান’-এর দুর্দান্ত শুরু এবং টানা ভালো পারফরম্যান্সে বাংলা ছবির বাজারে নতুন আশার সঞ্চার করেছে। ছুটির মরসুমে দেবের ছবির এই সাফল্য প্রমাণ করে, ভালো গল্প আর সঠিক প্রচার বাংলা ছবির ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে।
