Jazzbaat24Bangla • Beta

বছর ঘুরতেই পশ্চিমবঙ্গে ২৬ -এর বিধানসভা নির্বাচন। আর আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমস্ত বিরোধী রাজনৈতিক কেন্দ্রের দলগুলি লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। আর তারই মাঝে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে কোন্নগরের নবগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় নিখোঁজ পোস্টার মেরেছে বিজেপি। আর এই পোস্টারকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর এই পোস্টারগুলোতে রীতিমতো ছন্দ মিলিয়ে লেখা হয়েছে 'বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা'। আবার কোথাও লেখা হয়েছে 'রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ'। পরিশেষে বিধায়ক এর সন্ধান পেতে বিজেপি একটি পোস্টারে আবেদন জানিয়েছে- উত্তরপাড়া বিধানসভার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ সন্ধান পেলে অবশ্যই আমাদের জানাবেন।
স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ জনগণ আছে, খাতায় কলমে নির্বাচিত জনপ্রতিনিধির নামও আছে কিন্তু তার অস্তিত্ব নেই। তিনি বেশিরভাগ সময়ই সোশ্যাল মিডিয়ায় অতি সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। অথচ তিনি যে এলাকার জনপ্রতিনিধি সেখানকার মানুষের অসুবিধা সমস্যার সম্পর্কে কোনো রকম অবগত নন। অবগত থাকবেনই বা কিভাবে তাকে তো তার বিধানসভা এলাকায় সাধারণ মানুষ দেখতেই পান না। তৃণমূলের উন্নয়নকে কটাক্ষ করে বিজেপি নেতৃত্বের অভিযোগ যে শাসক দল দাবি করছে তৃণমূলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন হয়েছে ঘটা করে। অথচ সেই তৃণমূলের রাস্তার উন্নয়ন এতটাই হয়েছে যে সেই রাস্তা দিয়ে মানুষের চলা দায় হয়ে পড়েছে। নবগ্রাম, কানাইপুর, রঘুনাথপুর সর্বত্রই রাস্তার ভগ্নদশা যেন তৃণমূলের উন্নয়নের সাক্ষী হয়ে রয়েছে। ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন বিধায়ককে এলাকাতে দেখা যায় না। তিনি আবার সমস্যার সমাধান করবেন কি করে? তৃণমূলের পিনাকি বন্দ্যোপাধ্যায় বিজেপিকে রীতিমতো কটাক্ষ করে বলেন "এরা নিজেরাই তো পরিযায়ী পাখি। হঠাৎ করে ভোটের আগে এখানে এসে বন্দেমাতরম, জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছে। কিন্তু ভোটের পর আর এদের দেখা যায় না।" পিনাকি বাবু দাবি করেছেন বিধায়ক তহবিলের টাকাতেই নবগ্রামের রাস্তা হয়েছে সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। এদের চোখে যদি ন্যাবা হয়ে থাকে তাহলে কিছু করার নেই। তবে বিধায়কের এই নিখোঁজ পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিধানসভা নির্বাচনের আগে তাই এলাকার উন্নয়নের কান্ডারী বিধায়কের অনুপস্থিতিকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি।
