
শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে ফের রাজনৈতিক উত্তাপ। তৃণমূল কংগ্রেস পরিচালিত এগরা পুরসভাকে কেন্দ্র করে দলের অন্দরের কোন্দল এবার পৌঁছল গ্রেফতারির পর্যায়ে। সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়েক। শুক্রবার কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর এগরা-১ ব্লকের বিএলআরও এগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সরকারি মালিকানাধীন ‘খতিয়ান ১’-এর অন্তর্ভুক্ত জমি কোনও রকম বৈধ সরকারি অনুমোদন ছাড়াই একটি আন-রেজিস্টার্ড বা নথিহীন দলিলের মাধ্যমে লিজ দেওয়া হয়েছে। এর ফলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানান, “বিএলআরও-র অভিযোগের ভিত্তিতেই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। সরকারি জমি অবৈধভাবে লিজ দেওয়ার অভিযোগ রয়েছে। আদালতে তাঁকে তুলে পুলিশি হেফাজত চাওয়া হবে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এই গ্রেফতারি শুধু আইনি নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, কিছুদিন আগেই তৃণমূল নেতৃত্ব স্বপন নায়েককে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দেয়। কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি। এরপর দলেরই ছয় কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। গত ২০ ডিসেম্বর অনাস্থা ভোট হওয়ার কথা থাকলেও তার আগেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।
তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, অনাস্থা ভোটের দিন ভোর সাড়ে চারটে নাগাদ চেয়ারম্যান পুরসভায় ঢুকে গুরুত্বপূর্ণ নথি লোপাটের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হলে অনাস্থা ভোট স্থগিত হয়ে যায়। তার কয়েক দিনের মধ্যেই সরকারি জমি লিজ সংক্রান্ত মামলায় চেয়ারম্যানের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।
শুভেন্দু অধিকারীর জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, অনাস্থা ও গ্রেফতার এগরার রাজনীতি এখন কার্যত টগবগে কড়াই।
