
খনিজ ও বস্ত্রশিল্পকে সামনে রেখে দেশের শিল্প উন্নয়নে বড় সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, খনিখাতে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বিশেষ করে ওড়িশা, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে বিরল ধাতুর হাব গড়ে তোলা হবে। এই রাজ্যগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে খনিজ অনুসন্ধান ও উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানান অর্থমন্ত্রী। এর ফলে দেশে প্রযুক্তি ও উৎপাদন ক্ষেত্রে আত্মনির্ভরতা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।
এদিন নির্মলা সীতারামন বস্ত্রশিল্প নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে নতুন করে চাঙ্গা করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। খাদি ও গ্রামীণ বস্ত্রের ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তারা আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাবেন।
এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে মেগা টেক্সটাইল হাব গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এই হাবগুলি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভারতের বস্ত্রশিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে কেন্দ্রের আশা।
