বিষাক্ত স্যালাইন কান্ডে প্রসূতি মামণি রুইদাসের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং এক সদস্যকে চাকরি দেওয়া হবে।
গত ৮ জানুয়ারি মেদিনীপুর হাসপাতালে পাঁচ প্রসূতিকে বিষাক্ত স্যালাইন দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সেই স্যালাইনের কারণে মামণি রুইদাসের মৃত্যু হয়। সদ্যোজাতকে প্রাথমিক চিকিৎসার পর ছুটি দেওয়া হলেও জন্ডিসের উপসর্গ নিয়ে তাকে পুনরায় ভর্তি করতে হয়।
কলকাতা হাইকোর্ট এই ঘটনায় স্বাস্থ্য দফতরকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং ক্ষতিপূরণের রায় ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মৃতার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।
প্রাথমিক তদন্তে চিকিৎসকদের গাফিলতি প্রমাণিত হওয়ায় হাসপাতালের সুপারসহ মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “যথাযথ দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি এড়ানো যেত।” সাসপেন্ড হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে সিআইডি তদন্ত করবে।
তাছাড়া, বিষাক্ত স্যালাইনের কারণে অন্যান্য প্রসূতিদের অবস্থার অবনতি হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। এরই মধ্যে অসুস্থ রেখা দাসের সদ্যোজাতের মৃত্যু সংবাদে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য দফতরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আরও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
