মুম্বইয়ের বান্দ্রায় সইফ আলি খানের ওপর মধ্যরাতে হামলার ঘটনা ঘটেছে, যা গোটা দেশেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। আহত অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বিপন্মুক্ত। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, “সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা খুবই উদ্বেগজনক। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং বিশ্বাস করি আইন প্রয়োগকারী সংস্থা দোষীদের গ্রেপ্তার করবে। এই কঠিন সময়ে শর্মিলা এবং কারিনা কাপুরসহ পুরো পরিবারের প্রতি আমার প্রার্থনা।”এদিকে, এই হামলা নিয়ে মুম্বইয়ের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। শিবসেনা (ইউবি) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি অত্যন্ত লজ্জাজনক। সাইফ আলি খানের ওপর হামলা মুম্বই পুলিশ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশ্ন তুলেছে। সেলিব্রিটিরা যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” একইভাবে, শিবসেনার সঞ্জয় রাউতও সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও সাইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কংগ্রেসের বর্ষা একনাথ গায়কোয়াড়ও মুম্বইয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “বান্দ্রায় এমন ঘটনা মুম্বইয়ের নিরাপত্তার ওপর বড় প্রশ্ন তোলছে।”
সর্বোপরি, সইফ আলি খানের ওপর হামলা রাজনীতি এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত অনেক প্রশ্ন উঠিয়ে দিয়েছে।
