
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজ্যে। কোনও দল বা জোট একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে চিত্রতারকা তথা তামিলাগা ভেট্টি কাজ়াগম (টিভিকে) প্রধান বিজয় বড় রাজনৈতিক বার্তা দিলেন। তিনি জানিয়েছেন, রাজ্যপাল যদি একক বৃহত্তম দল হিসেবে টিভিকে-কে সরকার গঠনের সুযোগ না দেন, তবে তাঁদের ১০৭ জন বিধায়ক একযোগে ইস্তফা দেবেন।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে বিজয় নিজে দু’টি আসনে জেতায় কার্যত তাঁদের বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। অন্য দিকে, ডিএমকে-কংগ্রেস-বাম জোট পেয়েছে ৭৪টি আসন এবং এডিএমকে-বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন।
এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিজয়কে ক্ষমতায় আসা থেকে আটকাতে ডিএমকে এবং এডিএমকে একসঙ্গে সরকার গঠনের পথে হাঁটতে পারে। যদিও এই দুই দল দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সম্ভাব্য এই সমীকরণ ঘিরেই চাপ বাড়াতে শুরু করেছে টিভিকে।
বুধবার সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করেন বিজয়। কিন্তু প্রয়োজনীয় সমর্থনের সংখ্যা না থাকায় তাঁকে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি বলে খবর। রাজ্যপাল জানিয়েছেন, ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র ছাড়া সরকার গঠনের আমন্ত্রণ জানানো সম্ভব নয়।
এ দিকে কংগ্রেস ইতিমধ্যেই বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেছে। ফলে আগামী কয়েক দিনে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
