প্যারিসে ভারত-ফ্রান্স সিইও ফোরামে বিনিয়োগকারীদের জন্য বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে তিনি বলেন, “ভারতে বিনিয়োগের এটাই সঠিক সময়!” তাঁর মতে, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ফলে ভারত এখন বিশ্বের অন্যতম বিনিয়োগবান্ধব দেশ।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই মোদী ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প শুরু করেন। বিদেশি সংস্থাগুলিকে ভারতে উৎপাদনে আহ্বান জানান। সেই উদ্যোগ যে সফল, তা বোঝাতেই ভারত-ফ্রান্স সিইও ফোরামে ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এক দশকে ভারতের অর্থনীতি আমূল বদলে গেছে। এখন এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, এবং খুব শীঘ্রই তৃতীয় স্থানে উঠে আসবে।
ফোরামের মঞ্চ থেকে মোদী বলেন, গত দশ বছরে নানা সংস্কার হয়েছে, যা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। ভারত এখন সেমিকন্ডাক্টর ও কোয়ান্টাম মিশন শুরু করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও মেক ইন ইন্ডিয়া জোরদার করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর প্রশংসা করে মোদী জানান, “গত দুই বছরে আমাদের ষষ্ঠবার দেখা হলো। প্রজাতন্ত্র দিবসে তিনি প্রধান অতিথি ছিলেন। এছাড়া এআই অ্যাকশন সামিট সফলভাবে আয়োজনের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।”
ভারত-ফ্রান্সের বড় সংস্থাগুলোর উপস্থিতিতে মোদী স্পষ্ট করেন, বিনিয়োগকারীদের জন্য ভারত এখন সেরা গন্তব্য। ফ্রান্স কি এবার মোদীর ডাকে সাড়া দেবে? উত্তরের অপেক্ষায় বিশ্ব!
