বিদ্যুতের দাম কমবে! একশো বছর পর্যন্ত আর লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হবে না! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দেউচা পচামি প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের বিদ্যুৎ সমস্যা অনেকটাই মিটবে।
বুধবার এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, “দেউচা পচামির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এমনকি কর্মসংস্থানও হয়েছে। অনেক তরুণ-তরুণী হোমগার্ডের চাকরি পেয়েছেন। তিনি আরও জানান, এখন আমাদের জমিতে কাজ চলছে। কেউ যদি জমি দিতে চান, আমরা নেব এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেব।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, দেউচা পচামির কয়লা খনি গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা প্রকল্প। এখান থেকে যে কয়লা পাওয়া যাবে, তা দিয়ে একশো বছর ধরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমরা চাই, আগামী প্রজন্ম যেন লোডশেডিংয়ের কষ্ট না পায়। পাশাপাশি, বিদ্যুতের দামও যাতে নাগালের মধ্যে থাকে, তার জন্যই এই প্রকল্প।
তবে বিরোধীরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন হলেও কয়লা উত্তোলন ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পরিবেশগত চ্যালেঞ্জ রয়ে যাবে। পরিবেশবিদদের মতে, এই প্রকল্প যদি যথাযথ পরিকল্পনা ছাড়া এগোয়, তবে দূষণ ভয়ঙ্কর মাত্রায় পৌঁছাতে পারে। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস, সমস্ত দিক খতিয়ে দেখেই কাজ করা হচ্ছে।
দেউচা পচামি কয়লা প্রকল্পের কাজ কবে পুরোদমে শুরু হবে, তা নিয়ে সরকার এখনো নির্দিষ্ট কোনও সময়সীমা ঘোষণা করেনি। তবে সরকারের দাবি, এই প্রকল্প একদিকে যেমন বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, তেমনই ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন দিগন্তও খুলে দেবে।
