জামুরিয়ার দরবারডাঙা ঘাটে রণক্ষেত্রের চেহারা। শুক্রবার দুপুরে বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সেখানে পৌঁছতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, কিছু লোকজন ‘গো ব্যাক’ স্লোগান তোলে এবং আচমকা তাঁর দিকে ইট-বেলচা নিয়ে তেড়ে যায়।
জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে ও অবৈধ উপায়ে অজয় নদের ওপর থেকে বালি তোলা হচ্ছে, যা জল প্রকল্পের বিপদ ডেকে আনতে পারে। এই প্রকল্পের সূচনা তাঁর মেয়র থাকাকালীন হয়েছিল, তাই তিনি নিজের চোখে বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছিলেন। কিন্তু পরিদর্শনের সময়ই হামলার চেষ্টা হয় বলে দাবি করেন তিনি। তবে বিজেপি নেতার দেহরক্ষীরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
এই ঘটনার পরেও তিনি থানায় কোনও অভিযোগ দায়ের করেননি, তবে শাসকদলের দিকে তাঁর স্পষ্ট ইঙ্গিত। তাঁর প্রশ্ন, “দেখতে গেলেও এত আপত্তি! তবে কি কিছু লুকনোর চেষ্টা চলছে?” বিজেপির দাবি, বালি তোলার নামে প্রকল্পের ক্ষতি করা হচ্ছে, এবং এর বিরুদ্ধে তাঁরা আগামিদিনে আন্দোলনে নামবে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। বিজেপির বক্তব্য, “এই দুষ্কৃতীদের কেউ পাঠাচ্ছে, কেউ শিখিয়ে পড়িয়ে দিচ্ছে।” শাসকদলের বিরুদ্ধে অঙ্গুলি নির্দেশ করে জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, “যারা হামলা চালিয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় সবার জানা উচিত।” যদিও শাসকদল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।
জামুরিয়ায় এই ঘটনার পর রাজনৈতিক উত্তাপ চরমে। বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, বালি মাফিয়াদের বিরুদ্ধে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। অন্যদিকে, শাসকদল বলছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় উত্তেজনা ছড়াতে চাইছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
