বাংলাদেশে ক্রমেই ক্ষোভ বাড়ছে অন্তর্বর্তী ইউনূস সরকারের উপর। তাই নানা টালবাহানায় আর দেরি নয়, দ্রুত নির্বাচনই এখন এই অস্থির সময়ে বাংলাদেশকে ঠিক পথে চালনা করার একমাত্র লক্ষ্য বিভিন্ন রাজনৈতিক দলের। সেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রায় এমনটাই দাবি বিভিন্ন দলের নেতার। এই ইস্যুতে সবচেয়ে সরব হয়েছে খালেদা জিয়ার দল বি এন পি। তাদের দাবি দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। এমন কি জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে না।এমন দাবি তুলে আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বুধবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করে বিএনপির স্থানীয় প্রাক্তন জনপ্রতিনিধিরা।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই পদযাত্রায় অংশ নেন বাংলাদেশের সকল জেলা-উপজেলা-ইউনিয়নের বিএনপি মনোনীত প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার এবং পৌরসভা ও সিটি করপোরেশনে প্রাক্তন মেয়র, কাউন্সিলর ও প্রার্থীরা। পদযাত্রাটি জাতীয় ঈদগাহ মাঠের গেটে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এসময় সৃষ্টি হয় তুমুল বাকবিতণ্ডা। পরে আন্দোলনকারীদের ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি পান।
এ মুহূর্তে বিএনপির সব মনোযোগ জাতীয় নির্বাচনের ওপরই। নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের বিরোধও দেখা যাচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দাবি, “আজকে দেশের বিভিন্ন দিকে তাকালেই অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। যাঁরা অন্তর্বর্তী সরকারে দেশ পরিচালনার দায়িত্বে আছেন, আমরা লক্ষ করে দেখেছি, এই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।” তাঁর দাবি, “আমরা আশা করব, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ যে নিরপেক্ষতা আশা-প্রত্যাশা, তাঁরা সেই নিরপেক্ষতা বজায় রাখবেন।”
বিএনপি ছাড়াও বাংলাদেশে বাম গণতান্ত্রিক জোট, ১২–দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোটের শরিক দলগুলোও এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। তবে জামায়াত, ইসলামী আন্দোলনসহ কিছু দল আগে প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন চায়। তারা আগে স্থানীয় নির্বাচন করারও পক্ষে। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে, সেটাকে খুব গুরুত্ব দিতে নারাজ বিএনপি। বৃহস্পতিবার দলের ডাকা সভা থেকেই বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হবে।
