বিদায় নিলেন জাস্টিন ট্রুডো। এবার কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন মার্ক কার্নি। জাস্টিন ট্রুডো গত জানুয়ারিতেই জানান, প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিতে চলেছেন তিনি। তারপরেই শুরু হয়ে যায় নতুন প্রধানমন্ত্রী কে হবে সেই নিয়ে খোঁজখবর। সেই দৌড়ে এবার বাজিমাত করলেন মার্ক কার্নি। ৮৬ শতাংশ ভোট পেয়ে ৫৯ বছর বয়সী লিবেরাল পার্টির এই নেতা হারিয়ে দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে।
জাস্টিন ট্রুডো বিগত ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করছিলেন। তবে বিগত কয়েক বছর ধরে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা তলানিতে পৌঁছে গিয়েছিল। তার মধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিক বিবাদ করতে গিয়ে আর ঐ সমস্যায় পড়তে হয়েছিল জাস্টিন ট্রুডোকে। সেই কারণেই তাঁর দল লিবারেল পার্টির মধ্যে থেকে ইস্তফা দেওয়ার দাবি ওঠে। এরপর রীতিমত বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন ট্রুডো।
তাঁর বদলে কে প্রধানমন্ত্রী হতে চলেছেন কানাডার সেই নিয়ে দীর্ঘদিন ধরে জল গোলা চলছিল।। এরপর একটি নির্বাচনের আয়োজন করা হয় লিবারেল পার্টির তরফে। সেখানে ৮৬ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন মার্ক কার্নি। যদিও রাজনীতিতে একেবারেই নতুন তিনি। তবে মনে করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য নিয়ে চুক্তিতে আসতে পারবেন।
বিদায়ী ভাষণে ট্রুডো এদিন বলেন, “কোনও ভুল করলে চলবে না। এটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গণতন্ত্র দেওয়া হয় না, স্বাধীনতা দেওয়া হয় না। এমনকী, কানাডাও কেউ দেয়নি। বর্তমানে কানাডিয়ানরা প্রতিবেশী দেশের কাছে অস্তিস্ত্বের সঙ্কটে রয়েছে। এছাড়া অন্যান্য সমস্যা, আর্থিক সঙ্কট রয়েছে।” আবেগঘন কন্ঠে তিনি আরও বলেন,”আমায় ভুল ভাববেন না, আমি বিগত ১০ বছরে যা করেছি, তার জন্য গর্বিত। তবে আজ দল হিসাবে, দেশ হিসাবে আমাদের ভবিষ্যতের বিষয়।”
