স্নিগ্ধা চৌধুরী
অফিস চলাকালীন বহুতল থেকে ঝাঁপ দিলেন এক IT কর্মী। বুধবার দুপুরে নিউটাউনের এক অফিস বিল্ডিংয়ে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কর্মব্যস্ত দিনে কেন এমন সিদ্ধান্ত নিলেন ওই কর্মী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর বয়সি ওই কর্মীর নাম দ্বৈপায়ন ভট্টাচার্য। প্রতিদিনের মতো বুধবারও তিনি অফিসে গিয়েছিলেন। তবে দুপুরের পর আচমকাই আইটি সেক্টরের ছয়তলা থেকে ঝাঁপ দেন তিনি। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি।
এই ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কর্মক্ষেত্রের চাপ, ব্যক্তিগত সমস্যা নাকি অন্য কোনো কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অফিসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
অফিসের অন্য কর্মীরা জানিয়েছেন, মার্চ মাস হওয়ায় কাজের চাপ বেশ বেড়ে গিয়েছে। তবে দ্বৈপায়নবাবু মানসিক চাপে ছিলেন কি না, তা নিশ্চিত নন তাঁরা। পুলিশের পক্ষ থেকেও মানসিক অবসাদ বা অন্য কোনো ব্যক্তিগত সমস্যার দিকটি খতিয়ে দেখা হচ্ছে।
এটি অবশ্যই প্রথম ঘটনা নয়। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে সেক্টর ফাইভের এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন সেন্ট্রাল ওয়ারহাউস কর্পোরেশনের কর্মী পরিবেশ চট্টোপাধ্যায়। সেই ঘটনাও আলোড়ন ফেলেছিল অফিস পাড়ায়।
নিউটাউনের অফিস এলাকা হওয়ায় এমন ঘটনা নিরাপত্তার প্রশ্নও তুলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়, তার জন্য প্রশাসনের তরফে বাড়তি নজরদারির প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
