বেশ কদিন ধরেই প্রতিবাদে-বিক্ষোভে উত্তাল তুরস্ক, ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারির বিরোধিতায় টানা তিন রাত ধরে প্রতিবাদ চলছে ইস্তানবুলে।গত শুক্রবারের জমায়েতে যোগ দিয়েছিলেন প্রায় তিন লক্ষ মানুষ, এমনটাই দাবি বিরোধীদের।শনিবার কুর্দি জঙ্গিদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ইমামোগলুকে আদালতে হাজির করানো হয়।পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর, আরও জিজ্ঞাসাবাদের জন্য শহরের একটি আদালতে স্থানান্তরিত করা হয়েছে। রবিবার ভোরে তুরস্কের প্রসিকিউটররা ইমামোগলু এবং চার সহযোগীকে এই অভিযোগে কারাদণ্ডের আবেদন জানান।গত বুধবার দুই জেলা মেয়র সহ আরও কয়েক ডজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে ইমামোগলুকে আটক করা হয়।
২০১৩ সালের পরে তুরস্কে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন?
একরেম ইমামোগলুর গ্রেফতারির বিরোধিতায় যেভাবে মানুষ পথে নেমেছে তাকে ২০১৩ সালের পরে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন বলে অভিহিত করেছেন অনেকে।সে বছরের আন্দোলন চলাকালে অন্তত ৮ জন নিহত হয়েছিলেন।এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিষেধাজ্ঞা অমান্য করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। আন্দোলনে এরদোয়ানের পদত্যাগের দাবিও উঠেছে। বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জমায়েতের ওপর পাঁচ দিনের নিষেধাজ্ঞা জারি হয়েছে। বৃহস্পতিবার ঘটা হিংসার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দিয়েছে প্রশাসন।গত এক দশকে তুরস্কের রাস্তায় এত বড় মাপের বিক্ষোভ আর হয়নি।প্রধান বিরোধী নেতা ওজগুর ওজেল জানিয়েছেন এটা বিরোধী দলের কোনও সমাবেশ নয়, সব দলের মানুষই জড়ো হয়েছেন, ইমামোগলুর প্রতি সংহতি জানাচ্ছেন। এঁরা সকলেই গণতন্ত্রের পক্ষে। আঙ্কারা ও পশ্চিম উপকূলীয় শহর ইজমিরেও পুলিশ বিক্ষোভকারীদের উপর জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়েছে বলে জানা গেছে।যা তথ্য বুধবার থেকে এই বিক্ষোভ তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৫৫টিরও বেশিতে ছড়িয়ে পড়েছে।
একরেম ইমামোগলু কে? কেন এই প্রতিবাদ-বিক্ষোভ
দীর্ঘদিন ধরে তুরস্কের রক্ষণশীল রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে রিপাবলিকান পিপলস পার্টির একরেম ইমামোগলুকে।২০২৮ সালের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। গত বছর দ্বিতীয় মেয়াদে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন একরেম ইমামোগলু। সেই স্থানীয় নির্বাচনে ইস্তানবুল এবং আঙ্কারায় জয়ী হয় তার দল সিএইচপি।এরদোয়ান ক্ষমতায় আসার পর ওই নির্বাচনেই প্রথমবারের মতো তার দল সারা দেশে ব্যালট বাক্সের হিসেবে পরাজিত হয়েছিল। ব্যক্তিগতভাবে এরদোয়ানের জন্যও ধাক্কা ছিল এটি। ক্ষমতায় আসার পথে একসময় ইস্তাম্বুলের মেয়রও ছিলেন তিনিও।২২ বছর ধরে তুরস্কের ক্ষমতার শীর্ষে রয়েছেন এরদোয়ান। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি উভয় পদেই দায়িত্ব পালন করেছেন তিনি। মেয়াদের বাধ্যবাধকতার কারণে, সংবিধান পরিবর্তন না করলে তিনি ২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ইমামোগলুকে আগামী নির্বাচনের জন্য সিএইচপির আনুষ্ঠানিক রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কয়েক দিনের মধ্যেই মনোনীত করার কথা। তার মধ্যেই এই গ্রেফতারিকে ভালভাবে নিচ্ছে না বিরোধী রাজনৈতিক মহল।
কী বলেছে তুরস্ক সরকার?
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভাষায় নাটক করছে বিরোধীরা। তারা জনসাধারণের শান্তি বিঘ্নিত করছে, জাতিকে মেরুকরণ করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, “তারা এতটাই ভারসাম্যহীন হয়ে পড়েছে যে, পুলিশকে আক্রমণ এবং বিচারক ও আইনজীবীদের হুমকি দেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে গেছে।” ইমামোগলুর মুক্তির দাবিতে প্রতিবাদীরা দেশজোড়া আন্দোলনের ডাক দিলেও পাল্টা হুঁশিয়ারিতে এরদোয়ান বলেছেন, রাস্তায় কোনোভাবেই জঙ্গিপনা বরদাস্ত করা হবে না।
