প্রথম বাজেটেই ১ লক্ষ চাকরি, কারা পাবেন সুযোগ?
এক লাফে ১ লক্ষ চাকরির ঘোষণা! কারা পাবেন সুযোগ?বাজেটে বড় বার্তা অর্থমন্ত্রীর
রাজ্যের বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় বাজেট পেশ করে তিনি জানান, আগামী দিনে রাজ্যে মোট ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের অপেক্ষার মাঝে এই ঘোষণাকে বড় স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ঘোষিত ১ লক্ষ পদের মধ্যে ২০ হাজার নিয়োগ হবে পুলিশ বিভাগে এবং ৫০ হাজার নিয়োগ হবে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে। বাকি পদগুলি বিভিন্ন সরকারি দফতরে পূরণ করা হবে বলে সূত্রের খবর। নিয়োগ প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মোট শূন্যপদের ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
এছাড়াও, যেখানে প্রযোজ্য সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষণের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়। এই সুবিধা আগামী দু’বছর পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
বাজেটে কর্মসংস্থানকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্যের যুবসমাজকে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই সরকারের লক্ষ্য। ১ লক্ষ চাকরির এই ঘোষণা রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর কাছে নতুন আশার আলো হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।