মর্মান্তিক বিপর্যয়ের সাক্ষী হয়েছে শহর কলকাতা। তারাতলার ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উন্নয়নের আড়ালে নিরাপত্তার এক করুন দৃশ্য। আর এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বেআইনি নির্মাণ, ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান এবং অগ্নি-নিরাপত্তার ঘাটতিতে এবার কড়া নজরদারির পথে হাঁটছে রাজ্য প্রশাসন। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে নবান্নে অনুষ্ঠিত হয় এক উচ্চপর্যায়ের বৈঠক। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ, কলকাতা পুরনিগমের প্রশাসক, পুলিশ কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এই বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠক থেকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৈঠক অনুসারে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তা হল, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কলকাতা-সহ দক্ষিণ দমদম, বরাহনগর রাজারহাট-নিউ টাউন, সোনারপুর, বজবজ এবং কামারহাটি এলাকার নির্মীয়মাণ বহুতল ও বাণিজ্যিক ভবনে বিশেষ অডিট চালানো হবে। শুধু তাই নয়, আগামী ৯০ দিনের মধ্যে সমস্ত হাইরাইজ় ভবনের ফায়ার সেফটি ও লাইটনিং অ্যারেস্টার ব্যবস্থার পূর্ণাঙ্গ অডিট সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। এই অডিটে কোনরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। গ্রাউন্ড প্লাস পাঁচ (G+5) বা তার বেশি উচ্চতার আবাসনকেই ‘হাইরাইজ়’ হিসেবে ধরা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই দিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, "সরকারের উদ্দেশ্য নগরায়নের গতি থামিয়ে দেওয়া নয়। বরং মানুষের জীবনের সুরক্ষার নিশ্চয়তা ও সম্পত্তি যাতে কোন ক্ষতি না হয় সেদিকেও নজর রাখতে হবে। পাশাপাশি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, "এইভাবে দায়িত্বজ্ঞানহীনের মত কাজ করা যাবে না। যারা বেআইনিভাবে বা দায়িত্বজ্ঞানহীন ভাবে কাজ করবে আগামী দিনে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। " এই বৈঠক থেকে নির্মাণকারী সংস্থা ‘আয়ান ট্রেডার্স’ এবং সংশ্লিষ্ট আর্কিটেক্ট তথা প্ল্যানারকে ব্ল্যাকলিস্টেড করা হয়।
উল্লেখ্য, গত বুধবার তারাতলার নির্মীয়মাণ গোডাউন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে কলকাতা পুলিশ, দমকল বাহিনী, এনডিআরএফ এবং ভারতীয় সেনা। ধ্বংসস্তূপ থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো প্রায় ৩৩ জন। ইতিমধ্যেই এই ঘটনা জন্য পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারাতলার এই ঘটনা যেন আবারো প্রশ্ন তুলছে উন্নয়নের আড়ালে নিরাপত্তা নিয়ে!
তারাতলা বিপর্যয়ের পর বিশেষ অডিটের নির্দেশ মুখ্যমন্ত্রীর, নজরে আরো তিন পুর এলাকা!