বরানগর: কলকাতার উপকণ্ঠে এক সময় যে কারখানা থেকে বেরিয়ে আসত জীবনদায়ী ভ্যাকসিন, আজ সেখানে মাথা তুলেছে আগাছা আর জঙ্গল। সাপ-শিয়ালের আস্তানায় পরিণত হয়েছে দেশের প্রথম বাণিজ্যিক ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র ‘বেঙ্গল ইমিউনিটি’-র বিস্তীর্ণ জমি। প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বন্ধ পড়ে থাকা এই ঐতিহাসিক শিল্পাঞ্চলকে ঘিরে আবারও নতুন করে জেগেছে শিল্পায়নের দাবি।
১৯১৯ সালে চিকিৎসাবিদ্যার দুই কিংবদন্তি, ডাঃ বিধানচন্দ্র রায় এবং ডাঃ নীলরতন সরকারের উদ্যোগে গড়ে উঠেছিল ‘বেঙ্গল ইমিউনিটি’। তখন সাপ ও কুকুরের কামড়ে মৃত্যুর হার ছিল উদ্বেগজনক। সেই পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তিতে ভ্যাকসিন ও সিরাম উৎপাদনের লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয় সংস্থাটি। পরে চিকিৎসক নরেন্দ্রনাথ দত্তের নেতৃত্বে বেঙ্গল ইমিউনিটি শুধু বাংলার নয়, গোটা দেশের স্বাস্থ্য পরিকাঠামোর অন্যতম ভরসা হয়ে ওঠে।
বরানগরের সিঁথি মোড় সংলগ্ন প্রায় ৮০ বিঘা জমিতে ছিল মূল কারখানা। পাশাপাশি ন’পাড়ায় আরও প্রায় ২১ বিঘা এলাকাজুড়ে ছিল ঘোড়ার আস্তাবল, যেখানে ঘোড়ার রক্ত থেকে তৈরি হত সাপের বিষের প্রতিষেধক সিরাম। স্বাধীনতার পরে সংস্থাটি জাতীয়করণ করা হলেও নব্বইয়ের দশকে উৎপাদন প্রক্রিয়ায় বিধিনিষেধ, আর্থিক সংকট এবং প্রযুক্তিগত পশ্চাদপদতার কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কারখানা।
আজ সেই জমির বড় অংশই পরিত্যক্ত। ভেঙে পড়েছে বহু পুরনো কাঠামো, চুরি হয়ে গিয়েছে যন্ত্রাংশ ও নির্মাণসামগ্রী। শহরের বুকে এত বড় সরকারি জমি অকেজো অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাঁদের দাবি, আবাসন নয়— তথ্যপ্রযুক্তি পার্ক, গবেষণাকেন্দ্র, ইলেকট্রনিক্স বা চিপ উৎপাদনের মতো দূষণহীন শিল্প গড়ে তোলা হোক এই জমিতে। তাতে একদিকে যেমন এলাকার ঐতিহ্য রক্ষা হবে, তেমনই তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।
স্থানীয়দের একাংশের মতে, বরানগরের শিল্প-ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই জমি নতুন বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠতে পারে। রাজ্যের শিল্পনীতি এবং কেন্দ্রের উৎপাদনমুখী প্রকল্পের সুযোগ কাজে লাগিয়ে এখানে আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব বলেই তাঁদের বিশ্বাস।
এক সময় যে প্রাঙ্গণ থেকে মানুষের জীবন বাঁচানোর ওষুধ তৈরি হত, আজ সেখানে নেমে এসেছে নীরবতা। তবে সেই নীরবতার মধ্যেই বরানগরের মানুষ শুনতে পাচ্ছেন নতুন শিল্পের পদধ্বনি। শতবর্ষের ঐতিহ্য বহনকারী ‘বেঙ্গল ইমিউনিটি’-র জমি কি আবার কর্মচঞ্চল হবে? সেই উত্তরই এখন খুঁজছে উত্তর শহরতলি।
সিরাম থেকে সাপের আস্তানা! দেশের প্রথম বাণিজ্যিক ভ্যাকসিন কেন্দ্র ঘিরে নতুন বিতর্ক