পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালুর পথে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী সোমবার বিধানসভায় ইউসিসি সংক্রান্ত বিল পেশ করতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। নির্বাচনের আগে দেওয়া বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে নতুন প্রশাসন।
বিজেপি দীর্ঘদিন ধরেই সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল করে আসছে। দলের বক্তব্য, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং একই দেশে বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক ব্যক্তিগত আইন ব্যবস্থা আইনি বৈষম্যের জন্ম দেয়। সেই কারণেই বিজেপি শাসিত একাধিক রাজ্যে ইতিমধ্যেই ইউসিসি কার্যকর করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। পশ্চিমবঙ্গও এবার সেই তালিকায় যোগ দিতে চলেছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা।
অভিন্ন দেওয়ানি বিধি মূলত বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়ে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে সমস্ত নাগরিকের জন্য একক আইন প্রণয়নের ধারণা। এর লক্ষ্য, ব্যক্তিগত আইন ব্যবস্থার পরিবর্তে সবার জন্য একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি করা।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্প পত্র’-তে পশ্চিমবঙ্গে ইউসিসি চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সময় একাধিক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি চালুর আশ্বাস দিয়েছিলেন। বিশেষ করে মুর্শিদাবাদের এক নির্বাচনী সভায় তিনি স্পষ্টভাবে এই বিষয়ে অবস্থান তুলে ধরেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ শুরু হয়েছে বলেই সূত্রের দাবি।
অন্যদিকে, ইউসিসি নিয়ে অতীতেও সরব ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার এই প্রস্তাবের বিরোধিতা করে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রচেষ্টার বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন। তবে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। নতুন সরকার এখন বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এগোতে চাইছে।
বাংলায় এবার ‘ইউনিফর্ম সিভিল কোড’? সোমবারই বিল পেশ করতে পারে শুভেন্দু সরকার