সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বড় ধাক্কা খেল ভারতীয় দল। দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। মধ্যাহ্নভোজনের বিরতির পরে একটি ওভার বল করার পরেই বুমরাহ মাঠ ছাড়েন। এরপর দেখা যায়, তিনি জার্সি বদলে প্র্যাকটিস কিট পরে স্টেডিয়ামের সিঁড়ি দিয়ে নেমে আসছেন। সাপোর্ট স্টাফদের সঙ্গে তিনি পার্কিং লটে গাড়িতে ওঠেন এবং হাসপাতালের উদ্দেশে রওনা দেন। বুমরাহর চোট কোথায়, তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য আসেনি। স্টার স্পোর্টসের আলোচনায় সুনীল গাভাসকর বলেছেন, এটি সম্ভবত গ্রইন ইনজুরি হতে পারে। তবে শো-এর সঞ্চালক ময়ন্তি ল্যাঙ্গার জানিয়েছেন, সম্ভবত বুমরাহর পিঠের স্ক্যান হবে। উল্লেখ্য, পিঠের চোটের কারণে অতীতে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বুমরাহ, এমনকি তাঁর পিঠের সার্জারিও হয়েছিল।
এই ম্যাচে বুমরাহর নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত শুরু করেছিল। প্রথম ইনিংসে ব্যাটিং এবং বল হাতে তিনি অসাধারণ পারফরম্যান্স করেন। উসমান খোয়াজা এবং মার্নাস ল্যাবুশানকে আউট করে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তবে চোটের কারণে তাঁর মাঠ ছাড়ার ঘটনা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের আগে যদি বুমরাহর পিঠের পুরনো চোট ফিরে আসে, তাহলে তা দলের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে বিসিসিআই এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সতর্কতামূলক কারণেও এই স্ক্যান করানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
রোহিত শর্মা না খেলায় অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া বুমরাহর এইভাবে মাঠ ছাড়া ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। সিডনি টেস্টে তাঁর ফেরা নিয়ে এখন প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
