বাংলাদেশে অশান্তি যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে উঠে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে গঠিত হল নতুন ছাত্রসংগঠন।এই ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।এর নেপথ্যর কারিগররা মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতৃবৃন্দ। এই নয়া সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব পদে রাখা হয়েছে যথাক্রমে আবু বাকের মজুমদার এবং জাহিদ আহসানকে।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। প্রথম আলোর খবর অনুযায়ী নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন। সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিবের দায়িত্ব পাওয়া জাহিদ আহসানও প্রাক্তন সমন্বয়ক ও বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক।
তবে এদিন এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। প্রথম আলো সংবাদ মাধ্যম জানিয়েছে যে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরোনো সমন্বয়কেরা সেখানে এসে জড়ো হন। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্তসংখ্যক পদ দাবি করে বিক্ষোভ দেখান।এর পরেই মধুর ক্যানটিনের সামনে দু পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর মল চত্বরের দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়।পরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আরেক দফায় মারামারির ঘটনা ঘটেছে।
এই হট্টগোল ও হাতাহাতিতে দুজন গুরুতর আহত হয়েছেন। ডেইলি স্টার বাংলার তথ্য অনুযায়ী তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষার্থী আকিবাল হাসান। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
