৬৫ কোটি টাকা ব্ল্যাকমেলিং চক্রের পর্দা ফাঁস। হিন্দি নিউজ চ্যানেলের এক অ্যাঙ্কর এবং একজন সাংবাদিককে গ্রেফতার করল নয়ডা সেক্টর-৫৮ থানার পুলিশ। গ্রেফতার হয়েছেন অ্যাঙ্কর শাজিয়া নিসার এবং আদর্শ ঝা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, একটি বেসরকারি নিউজ চ্যানেলের কর্মকর্তাদের যৌন হেনস্থার মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার।
পুলিশকে দেওয়া অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা প্রথমে ৫ কোটি টাকা দাবি করেছিল। কিন্তু পরে সেই অঙ্ক বাড়িয়ে ৬৫ কোটি টাকা দাবি করা হয়। অভিযুক্তদের হুমকির অডিয়ো এবং ভিডিয়ো প্রমাণও পুলিশের হাতে এসেছে। অভিযোগ পাওয়ার পর নয়ডা সেক্টর-৫৮ থানার পুলিশ এই দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারির আগে শাজিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৩৪ লক্ষ ৫০ হাজার টাকাও উদ্ধার হয়েছে। ‘ভারত ২৪’ নামের হিন্দি নিউজ চ্যানেলে অ্যাঙ্কর হিসেবে কাজ করতেন শাজিয়া। অপর ধৃত আদর্শ কাজ করতেন ‘অমর উজালা’-এর ডিজিটাল শাখার অ্যাঙ্কর হিসেবে। সাজিয়া এবং আদর্শের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ‘ভারত ২৪’ চ্যানেলের তরফেই। তার পরেই পুলিশ অভিযান চালায় সাজিয়ার বাড়িতে। সেখানে বিপুল নগদ উদ্ধার হয়। এই ব্ল্যাকমেলিং সিন্ডিকেটে আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই অভিযুক্ত নিউজ অ্যাঙ্কর এবং সাংবাদিকের বিরুদ্ধে তোলাবাজি, ব্ল্যাকমেলের অভিযোগে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। চ্যানেলের শীর্ষকর্তাদের অভিযোগ, এই দু’জন মিথ্যে ধর্ষণের অভিযোগ তুলে হুমকি দিয়ে ৬৫ কোটি টাকা দাবি করেছিলেন। চ্যানেল সূত্রে খবর, অন্য কর্মীদের অভিযোগের ভিত্তিতে আরও এফআইআর দায়ের হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযুক্ত অ্যাঙ্কর এবং সাংবাদিককে পরে গৌতম বুদ্ধ নগরের একটি আদালতে হাজির করানো হয়। তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, শাজিয়া নিসার এর আগে ‘রিপাবলিক ভারত’ নামে একটি হিন্দি নিউজ চ্যানেলে অ্যাঙ্কর-সাংবাদিক হিসেবে কাজ করতেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কভারেজের সময় পরিচিতি পেয়েছিলেন তিনি। আপাতত, হাজতেই দিন কাটাতে হবে শাজিয়াকে।
