সামনেই আরও একটা ৮ অগাস্ট! আরজি করে হাসপাতালের মধ্যে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় এক বছর। মেয়ের বিচার চেয়ে এখনই আদালতের দরজায় ঘুরছেন অভয়ার বাবা-মা। এর মধ্যেই নয়া মোড়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ঘটনায় মূল অভিযুক্ত সাজাপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। ইতিমধ্যে সঞ্জয়কে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালত। যা খবর, বেকসুর খালাসের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয়।
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে। তবে মামলাটি গ্রহণ হবে কিনা তা নিয়ে এখনও সংশয় আছে বলেই আদালত সূত্রে খবর। জানা যাচ্ছে, শীর্ষ আদালত এই বিষয়ে সবপক্ষকে নোটিশ দেওয়ার কথা জানিয়েছে। যা খবর, আগামী ১৬ জুলাই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। মামলাটি গ্রহণ হবে কিনা তা নিয়ে সবপক্ষের বক্তব্য শুনতে পারেন বিচারপতি বসাক।
জাজবাত বাংলায় আরও পড়ুন
আগামী ৮ অগাস্ট অভয়ার মৃত্যুর এক বছর। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৮ এবং ৯ অগস্ট রাতে আরজি কর হাসপাতালের মধ্যেই নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে। ঘটনায় উত্তাল হয় রাজপথ। রাত দখল করে বিচারের দাবিতে সরব হন সাধারণ মানুষ। বছর ঘুরেছে! কিন্তু সত্যিই বিচার পেয়েছে অভয়া? সাজাপ্রাপ্ত সঞ্জয়ই আসল অপরাধী? রয়েছে প্রশ্ন। এমনকী সিবিআই থেকে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। ফের একবার প্রশ্ন তুলতে আগামী ৮ অগাস্ট প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা।
রাত ১২ টায় শ্যামবাজারের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মশাল মিছিল সহ রাতজুড়ে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এমনকী ৯ অগাস্টও রয়েছে একাধিক প্রতিবাদ কর্মসূচি। হবে নবান্ন অভিযান। যেখানে থাকবেন অভয়ার বাবা-মা। একদিকে যখন অভয়ার এক বছরের মাথায় নতুন করে রাজপথ গর্জে উঠতে চলেছে, ঠিক সেই সময় বেকসুর খালাস করা হোক, সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সাজাপ্রাপ্ত সঞ্জয়।
জাজবাত বাংলায় আরও পড়ুন
বলে রাখা প্রয়োজন, এর আগে শিয়ালদহ আদালতে একাধিকবার সঞ্জয় দাবি করে, সে নাকি নির্দোষ। এমনকী ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এর মধ্যেই আরজি কর মামলায় নয়া মোড়। এখন দেখার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে দায়ের হওয়া মামলা কোন দিকে মোড় দেন। সেদিকেই নজর সবার
