প্রতি বছর মোদীকে আম পাঠাতেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সে পথে হেঁটেই ফের একবার আম পাঠানো হচ্ছে ভারত। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূসের নেতৃত্বেই এই আম পাঠানো হচ্ছে। জানা যাচ্ছে, সে দেশের বিখ্যাত হাড়িভাঙা আম আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যা খবর, আজ সোমবারই হাজার কেজি আম নয়াদিল্লিতে পৌঁছানোর কথা। এমনকী বাংলাদেশ থেকে উপহার হিসাবে আম আসছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেও। আম যাবে ত্রিপুরাতেও।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে আম কূটনীতি নতুন নয়। শেখ হাসিনার সময়ে নিয়ম আম এবং পুজোর উপহার হিসাবে ইলিশ আসত ভারতে। কিন্ত সে সব আজ অতীত। গত কয়েকমাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একাধিক বদল এসেছে। ইউনূসকে সামনে রেখে পদ্মাপারে গঠন হয়েছে অন্তবর্তী সরকার। জাতীয় নির্বাচনের দাবিতে নতুন করে অশান্তির আশঙ্কা রয়েছে। এর মধ্যেই একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে অবনতি হয়েছে।
সংখ্যালঘুদের উপর আক্রমণ সহ চিনের মাটিতে দাঁড়িয়ে ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য মোটেই ভালো চোখে নেয়নি ভারত। এমনকী গত কয়েকমাসে সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। এখানেই শেষ নয়, ভারত সীমান্তের খুব কাছেই চিনকে এয়ারবেস তৈরির ছাড়পত্রও ইউনূস সরকার দিচ্ছে বলে খবর। ইতিমধ্যে যদিও ভারতের তরফে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিতর্কের মধ্যেই বিমস্টেক সম্মেলনে মোদীর সঙ্গে দেখা হয় ইউনূসের। একাধিক বিষয়ে দুজনের আলোচনা হয়।
এরপরেই ঢাকার তরফে ভারতের সঙ্গে সুন্দর, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হয়। কিন্তু সত্যিই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ঢাকা? সম্প্রতি চিন এবং পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে পৃথক একটি মঞ্চে বাংলাদেশ যাচ্ছে বলে খবর। সার্কের বিকল্প হিসাবে তৈরি হবে এই মঞ্চ। যদিও এমন কোনও মঞ্চে বাংলাদেশ নেই বলেই জানিয়েছেন অন্তবর্তী সরকার। এমনকী ভারতের পাশে থাকারও বার্তা দেওয়া হয়েছে। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আম পাঠানোর সিদ্ধান্ত ইউনূস সরকারের।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের মন জিততেই ইউনূসের এহেন পদক্ষেপ? বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা আম ভারতে পাঠাচ্ছেন ইউনূস। ঢাকারত রংপুরে এই আম পাওয়া যায়। বাংলাদেশের মাটিতে তো বটেই, বিদেশের মাটিতেও ব্যাপক চাহিদা আছে এই আমের। খুবই রসালো এবং আঁশবিহীন এই আম।
