অপেক্ষার দিন শেষ। এবার থেকে ভোটার আই কার্ড মিলবে তৈরি হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় যেখানে ডাক ও তার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকেরা উপস্থিত ছিলেন সঙ্গে উপস্থিত ছিলেন সরস্বতী প্রেসের আধিকারিকেরাও। আর এদিনের বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
এতদিন পর্যন্ত নিয়ম ছিল ভোটার আই কার্ড তৈরি হওয়ার পর তা এসে পৌঁছত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারপর তা পাঠানো হত জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। সেখান থেকে আবার ফের পাঠানো হত পোস্ট অফিসে। তারপর সেই কার্ড পোস্ট অফিস থেকে সংশ্লিষ্ট ভোটারের কাছে পৌঁছায়। যার ফলে সময় লাগতো অনেক বেশি। কেবলমাত্র সময় সাপেক্ষই নয় অনেক সময় সেই কার্ড ঠিকমত ঠিক জায়গায় সরবরাহ করা হত না বলেও বারবার অভিযোগ এসে পৌঁছেছিল কমিশনের দপ্তরে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোটার আই কার্ড ভোটারের বাড়িতে পৌঁছানোর পদ্ধতিকেই বদলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকদের। এবার তাই ভোটার আই কার্ড তাড়াতাড়ি ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর। সরস্বতী প্রেসে ছাপানোর পর সেই কার্ড সরাসরি চলে যাবে শহর কলকাতার জিপিও-তে আর সেখান থেকেই পশ্চিমবঙ্গের সব প্রান্তেই মাত্র ১৫ দিনের মধ্যেই সংশ্লিষ্ট ভোটার তাঁর কার্ডটি হাতে পাবেন। দ্রুত ও সঠিক সময়ের মধ্যে ওটার দের নতুন ভোটার কার্ড পৌঁছে দেওয়ার এই দায়িত্ব কমিশন কতটা সফলভাবে পালন করতে পারে সেটাই এখন দেখার।
