জমে উঠেছে ওভালের পঞ্চম টেস্ট। ভারতের দেওয়া ৩৭৪ রানের লক্ষ্য তাড়া করছেন ইংরেজ ব্যাটাররা। এরই মধ্যে ঘটল এক চমকপ্রদ ঘটনা। ওভাল টেস্টে কমেন্ট্রি করতে দেখা গেল গুগলে’র সিইও সুন্দর পিচাইকে। শনিবার ম্যাচের তৃতীয় দিন শেষ বেলায় হর্ষ ভোগলের সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় অবতীর্ণ হন পিচাই। এই সময় সিরিজের ফলাফল কী হতে পারে তাও জানিয়েছেন গুগলে’র সিইও।
পিচাই যখন হর্ষ ভোগলের সঙ্গে কমেন্ট্রি বক্সে যোগ দেন, তখন ক্রিজে ওয়াশিংটন সুন্দর। বিধ্বংসী ব্যাটিংয়ে যিনি একের পর এক চার-ছক্কা মারছিলেন। সুন্দরের ব্যাটিং দেখতে দেখতে কমেন্ট্রি বক্সে আরেক সুন্দর তুলে ধরেন নিজের ক্রিকেট প্রেমের কথা। বলেন, “সুনীল গাভাসকর অনেক বড় নাম। তবে আমি সচিন তেন্ডুলকরের ভক্ত। সচিনের খেলা দেখতে চেষ্টা করতাম। সব সময় হয়তো সরাসরি সম্প্রচার দেখা হতো না। তখন ইউটিউবে বা অন্য কোনও মাধ্যমে দেখতাম।”
পাশাপাশি নিজের প্রথম ক্রিকেট দেখার কাহিনিও বর্ণনা করেছেন ৫২ বছরের পিচাই। জানান তাঁর প্রথম মাঠে গিয়ে খেলা দেখা ১৯৮৬ সালের ভারত-অস্ট্রেলিয়া টাই টেস্ট। সে দিন চেন্নাইয়ের মাঠেই উপস্থিত ছিলেন তিনি। এরপরই সহ ধারাভাষ্যকার হর্ষ ভোগলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন পিচাইকে। তিনি এই সিরিজের কী ফলাফল দেখতে পাচ্ছেন?
জবাবে গুগলে’র সিইও বলেন, “দুর্দান্ত একটি সিরিজ। দারুণ লড়াই হয়েছে দুই দলের মধ্যে। আমার তো মনে হয়, সিরিজ ২-২ ড্র হলেই সবথেকে ভালো হবে।” যদিও পিচাইয়ের এই ইচ্ছে আদৌ পূরণ হবে কি না, রবিবার তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। হ্যারি ব্রুকের ক্যাচ নেওয়ার সময় এ দিন বাউন্ডারির দড়িতে পা দিয়ে ফেলেন মহম্মদ সিরাজ। এরপরই জাঁকিয়ে বসেছে ইংল্যান্ডরা। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ব্রুক এবং জো রুট।
