
মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে ইতিবাচক মনোভাবে খোলার সম্ভাবনা রয়েছে ভারতীয় শেয়ার বাজারে। বৈশ্বিক বাজার থেকে পাওয়া মিশ্র ইঙ্গিত, মার্কিন ফেডের সুদের হার কমার সম্ভাবনা এবং মার্কিন-চিন বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদের জেরে সেনসেক্স ও নিফটি ৫০–এর সূচনা ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গিফট নিফটি ২৬,০৫৫ স্তরের কাছাকাছি লেনদেন করছে, যা নিফটি ফিউচারের আগের বন্ধের তুলনায় প্রায় ৪৩ পয়েন্ট বেশি।
সোমবার বাজারে বড় উত্থান দেখা গিয়েছিল — সেনসেক্স প্রায় ৫৬৭ পয়েন্ট বেড়ে ৮৪,৭৭৮–এ এবং নিফটি ১৭০ পয়েন্ট বাড়ে ২৫,৯৬৬–এ বন্ধ হয়। আজ বিনিয়োগকারীদের নজর থাকবে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টকের দিকে।
ফোকাসে রয়েছে টিভিএস মোটর, আদানি গ্রিন এনার্জি, এবং টাটা ক্যাপিটাল, কারণ আজই প্রকাশিত হবে এই সংস্থাগুলির দ্বিতীয় ত্রৈমাসিক ফলাফল। এছাড়া মাজাগন ডক শিপবিল্ডার্স নিট মুনাফা ২৮ শতাংশ বেড়ে ৭৪৯ কোটিতে পৌঁছেছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে ইন্ডাস টাওয়ারস–এর মুনাফা ১৭ শতাংশ কমেছে, কিন্তু আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ। রেল বিকাশ নিগম (RVNL) উত্তর-পূর্ব রেলওয়ের গন্ডক নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পে সর্বনিম্ন দরদাতা হিসেবে উঠে এসেছে।
আদানি পোর্টস মহারাষ্ট্রের দিঘি বন্দরে ৪২,৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগের ঘোষণা করেছে। ওলা ইলেকট্রিক পরিষেবা নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে, আর আইটিসি ৩০ অক্টোবর বোর্ড বৈঠকে কলকাতা স্টক এক্সচেঞ্জ থেকে তালিকা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে আলোচনা করবে।
তবে মনে রাখতে হবে, শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি থাকে। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়।
