
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সিঙ্গুর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য এই প্রকল্পকে বন্যা-মুক্তির পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুপুর ১টায় সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই আলোচনা চলেছে। আশির দশক থেকে পরিকল্পনার কথা উঠলেও বাস্তবায়ন হয়নি কখনও। বর্ষা এলেই ঘাটাল ও সংলগ্ন এলাকায় বন্যার ছবি নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছিল। ফলে বছরের পর বছর ধরে সাধারণ মানুষের ক্ষোভ জমেছে। রাজ্যে সরকার বদলের পরেও প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় বিরোধীদের নিশানায় ছিল শাসকদল।
সূত্রের খবর, এই প্রকল্পে প্রথম পর্যায়ে প্রায় ৫০০ কোটি টাকা এবং পরবর্তী ধাপে আরও প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করা হবে রাজ্য সরকারের তরফে। ঘাটাল ও পাঁশকুড়া এলাকার বিভিন্ন নদীতে খনন কাজ, নতুন ব্রিজ নির্মাণ এবং জল নিয়ন্ত্রণের জন্য গেট তৈরির পরিকল্পনা রয়েছে। এর ফলে বর্ষার সময় জল দ্রুত বের করে দেওয়া সম্ভব হবে এবং বন্যার প্রকোপ অনেকটাই কমবে বলে আশাবাদী প্রশাসন।
মুখ্যমন্ত্রীর সভামঞ্চে জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে ঘাটাল থেকে যুক্ত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন সিঙ্গুর থেকেই কৃষকদের জন্য আধুনিক কৃষিযন্ত্র বিতরণ এবং পাট্টা প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মোট ৬১৬টি প্রকল্পের শিলান্যাসও করবেন তিনি।
সভা শেষে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহল। সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতেই এই সফর হতে পারে বলে জল্পনা চলছে। সব মিলিয়ে, সিঙ্গুরের এই সভা ও ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
